বিজ্ঞান কলেজ শিবিরের সভাপতি-সেক্রেটারিসহ আটক ৪১
রাজধানীতে গোপন বৈঠক করার সময় ঢাকা বিজ্ঞান কলেজ শাখা শিবিরের সভাপতি আহসান উল্লাহ ও সেক্রেটারি কামরুল হায়দারসহ ৪১ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে ফার্মগেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে আজ তাঁদের আটক করা হয়েছে। তেজগাঁও থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
বিকেলে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেটের গিভেন্সি হোটেলের ১৩ তলায় স্কাই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৪১ জনকে আটক করা হয়েছে। এরা সবাই ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। সবার পরিচয় যাচাই-বাছাই করা যায়নি। এদের মধ্যে কয়েকজন শিবিরের কেন্দ্রীয় নেতা রয়েছেন। আটককৃতদের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, ঢাকা বিজ্ঞান কলেজ শাখা শিবিরের সভাপতি আহসান উল্লাহ ও সেক্রেটারি কামরুল হায়দার।
বিপ্লব কুমার সরকার দাবি করেন, বর্তমানে দেশে যে শান্তিপূর্ণ অবস্থা রয়েছে সেটা বিঘ্ন ঘটাতেই বৈঠক হয়েছে। নাশকতা ঘটানোর জন্যই তাঁরা জড়ো হয়েছিলেন। তিনি আরও বলেন এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। কাল শনিবার তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের ১৩ তলার স্কাই রেস্টুরেন্ট থেকে এদের আটক করা হয়। সায়েন্স ইয়ুথ ক্লাব তেজগাঁও ডিভিশন আয়োজিত ‘ক্যারিয়ার লাইফ লাইন প্রোগ্রাম’ নামে এক অনুষ্ঠানে অংশ নিতে এই রেস্তোরাঁয় এসেছিলেন তাঁরা। ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, রেটিনা কোচিংয়ের সাজেশন, লিফলেট ও ভর্তি ফরম উদ্ধার করা হয়।