বিজ্ঞান জাদুঘরের সহকারী কিউরেটরকে দুদকের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মো. আনিসুর রহমানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার শেরেবাংলা নগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।

সূত্র জানায়, আজই রাজধানীর শেরেবাংলা নগর থানায় মো. আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারিসমূহের জন্য প্রদর্শনীয় বস্তু সংগ্রহ ও তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে উত্সাহ প্রদান’ প্রকল্পে থ্রিলার রাইডার উইথ প্রাইম মুভার কেনার দরপত্র খোলা হয়। কিন্তু দরপত্রের কার্যাদেশের শর্ত না মেনে ঠিকাদারের কাছ থেকে নতুন প্রাইম মুভারের পরিবর্তে পুরোনো প্রাইম মুভার গ্রহণ করেন আনিসুর রহমান। এর মাধ্যমে তিনি সরকারের ১ লাখ ১০ হাজার ৫০০ ইউরো অর্থাৎ ১ কোটি ৬ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা ক্ষতিসাধন করে আত্মসাৎ​ করেছেন।

দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করে সংস্থাটি। মামলার পরপরই আনিসুর রহমানকে তাঁর কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত করছেন দুদকের উপপরিচালক রাহিলা খাতুন।