বিজয় দিবসের খাবার নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে আয়োজিত প্রীতিভোজের প্যাকেট সংগ্রহকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনায় প্রক্টর লাঞ্ছিত হওয়া ছাড়াও অন্তত সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন।

আহত ছাত্ররা হলেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জসিম ও নীল, ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের হৃদয়, বিপণনবিদ্যা বিভাগের মিজান, আশিক, হিমেল ও জাকির। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জসিম ও মিজানকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ছাত্রলীগের সাথে বহিরাগতরা থাকায় এমনটি হয়েছে। ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে উভয় পক্ষের মাঝখানে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। এতে হয়তো আমার গায়ে কারও ধাক্কা লাগতে পারে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে প্রীতিভোজের আয়োজন করা হয়। সাদ্দাম হোসেন হলেও দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছিল। এ সময় ছাত্রলীগের সাদ্দাম হোসেন হল কমিটির সহসভাপতি নওশাদ কবির তাঁর কর্মীদের আগে খাবার দিতে বলেন। হল কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও তাঁর কর্মীদেরআগে খাবার দিতে বলেন। এ নিয়ে নওশাদের সঙ্গে সাগরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। নওশাদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস এবং সাগর সভাপতি সাইফুল ইসলাম পক্ষের কর্মী। আহত ব্যক্তিরা সবাই সভাপতি পক্ষের।

হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী নওশাদ ও তাঁর অনুসারীরা বহিরাগতদের নিয়ে টোকেন ছাড়াই খাবার নেওয়ার চেষ্টা করছিলেন। বাধা দেওয়ায় সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা বহিরাগতদের নিয়ে আমাদের ওপর হামলা করে।’

হলের সহসভাপতি নওশাদ কবির বলেন, ‘খাবার নিতে গেলে হল সেক্রেটারি সাগর বহিরাগতদের নিয়ে আমাদের ডাইনিং রুম থেকে বের করে দেন এবং খারাপ আচরণ করেন। একপর্যায়ে তাঁরা আমাদের ওপর হামলা করলে আমরা এর প্রতিবাদ করি। এতে সংঘর্ষ বেধে যায়।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস বলেন, ‘২৫টি টোকেন দিয়ে আমার ছেলেদের খাবার নেওয়ার জন্য পাঠিয়েছিলাম। পরে ঝামেলা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে সভাপতির সাথে কথা হয়েছে। আমি এ বিষয়ে একটি তদন্ত কমিটি করার জন্য বলেছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সুশৃঙ্খলভাবে খাবার বণ্টনের জন্য হল কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ছাত্রলীগের মধ্যে কিছু বহিরাগত ঢুকে পড়ায় সমস্যা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’