বিজয় দিবসের মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাকুরিয়া বাদাপাড়া গ্রামে গত সোমবার রাতে বিজয় দিবস উদ্যাপনের জন্য নির্মিত একটি মঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বাদাপাড়া গ্রামের তরুণ সমাজের উদ্যোগে পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ লক্ষ্যে গত সোমবার দিবাগত রাত দুইটা পর্যন্ত ওই স্থানে মঞ্চ তৈরির কাজ শেষ করে আয়োজকেরা বাড়ি চলে যান। কিন্তু গতকাল মঙ্গলবার ভোর রাতের কোনো একসময়ে কে বা কারা ওই মঞ্চের পর্দায় আগুন ধরিয়ে দেয়। এতে পর্দার বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে গতকাল সকালে আয়োজকেরা মঞ্চস্থলে এসে দেখতে পান আগুনে পর্দা পুড়ে গেছে। এ সময় তাঁরা তাৎক্ষণিকভাবে বিজয় দিবসের সকালে অনুষ্ঠান বাতিল করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনারুল ইসলাম প্রথম আলোকে জানান, বিজয় দিবসের অনুষ্ঠান পন্ড করার জন্যই স্বাধীনতাবিরোধী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান। তবে মঞ্চের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে গতকাল দুপুরের পরের অনুষ্ঠানগুলো উদ্যাপন করা হচ্ছে বলে তিনি জানান।
শেরপুর সদর থানার উপপরিদর্শক মো. আনছার আলী প্রথম আলোকে জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।