বিজয় দিবসের সমাবেশে শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসে চট্টগ্রাম কলেজের শহীদ মিনারের পাশে ছাত্রলীগের সমাবেশে হামলা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পাশেই সমাবেশ করছিলেন নেতা-কর্মীরা। সমাবেশ শেষ হওয়ার আগ মুহূর্তে শহীদ মিনারের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পরই সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
ছাত্রলীগ এই হামলার জন্য শিবিরকে দায়ী করেছে। সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিমও রয়েছেন। হামলার ঘটনায় আটক করা হয়েছে ২২ জনকে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতকাল বিকেলে চট্টগ্রাম কলেজের চারটি ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজের সোহরাওয়ার্দী, শেরেবাংলা, আবদুস সবুর ও খাদিজাতুল কোবরা ছাত্রাবাস বন্ধ থাকবে। গতকাল রাত আটটার মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার (আজ) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় গত রাতে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের দুটি ছাত্রাবাসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কলেজের শহীদ মিনারের পাশে ছাত্রলীগের সমাবেশের শেষ বক্তার বক্তব্য চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় আতঙ্কে নেতা-কর্মীরা এদিক-ওদিক ছুটতে থাকেন। এরপরই পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে কলেজের মূল ফটকের বাইরে অবস্থান নেন।
গতকাল বেলা একটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কলেজের প্রধান ফটক তালাবদ্ধ। ভেতরে অবস্থান করছেন শিবিরের কর্মীরা। ফটকের উল্টো দিকের সড়কে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় সেখানে র্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য হাজির হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখে শিবিরের কর্মীরা কলেজ ক্যাম্পাস ছেড়ে যান। এ সময় হামলায় জড়িত সন্দেহে ২২ জনকে আটক করা হয়। এরপর ছাত্রলীগের কর্মীরা আবার ক্যাম্পাসে প্রবেশ করেন। বেলা আড়াইটার দিকে কলেজের সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে তল্লাশি চালায় পুলিশ। অভিযানে কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ।
সংঘর্ষের পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কলেজের সব কটি ছাত্রাবাস শিবিরের আখড়া দাবি করে তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার দাবি জানান। একই দাবিতে কলেজের অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে কিছু সময় অবরোধ করে রাখা হয়। বিকেলে চট্টগ্রাম কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়। বৈঠক চলাকালে চট্টগ্রাম কলেজের উল্টোদিকে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে শিবির ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়।
জানতে চাইলে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম ও মহসীন কলেজের ছাত্রাবাসে শিবির ও জঙ্গিরা থাকে। সেখানে কোনো সাধারণ ছাত্র থাকতে পারে না। তাই ওই দুটি কলেজের সব ছাত্রাবাস স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়ে আসছিলাম।’
নুরুল আজিম বলেন, ‘চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শিবির ক্যাডারদের ছাত্র মনে করেন। কোনো বিষয়ে দাবি জানালে তিনি আমাদের সন্ত্রাসী বলে মন্তব্য করেন। তাঁর কারণে ছাত্রাবাসগুলো এত দিন বন্ধ করা যায়নি।’
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে কেউ হামলায় জড়িত না থাকলে যাচাই-বাছাইয়ের পর তাঁকে ছেড়ে দেওয়া হবে।
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ: সংঘর্ষের ঘটনার জের ধরে মহসিন কলেজের দুটি ছাত্রাবাসও বন্ধ ঘোষণা করা হয়। কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল বুধবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় আমরা একাডেমিক কাউন্সিলের বৈঠক ডেকে মুসলিম ছাত্রাবাস এবং নতুন হোস্টেল ছাত্রবাস বন্ধ ঘোষণা করি। ছাত্রদের রাত ১০টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’