বিজয় মিছিলে বাধা, সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে নির্বাচিত প্রার্থীর বিজয় মিছিলে পরাজিত প্রার্থীর সমর্থকেরা বাধা দেওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ রোববার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে সামসুল আলম নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আনারুল ইসলাম। গত শুক্রবার বিজয়ী প্রার্থী সামসুল আলমের নেতৃত্বে সমর্থকদের নিয়ে জগৎপুর ডাঙ্গাপাড়া থেকে একটি বিজয় মিছিল নিয়ে পরাজিত প্রার্থী আনারুল ইসলামের বাড়ির দিকে যেতে থাকেন। এ সময় পরাজিত প্রার্থী আনারুল ইসলামের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরাজিত প্রার্থী আনারুলের  দুই ভাই লিয়াকত আলী (৪৫) ও নেয়ামত আলী (৪০) এবং বিজয়ী প্রার্থী সামসুল আলমের সমর্থক মোস্তফা (৩৭) ও মইনুল ইসলাম আহত হন। লিয়াকতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বিজয়ী প্রার্থী সামসুল ও পরাজিত প্রার্থী আনারুল পরস্পরকে দায়ী করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত প্রথম আলোকে বলেন, ওই সংঘর্ষের ব্যাপারে কেউ অভিযোগ করেনি।