বিজয় মিছিলের পর বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গতকাল শুক্রবার বিজয় দিবসের মিছিলের পর বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলা বিএনপির নেতা মমিন আলী-দেলোয়ার হোসেন পক্ষের সঙ্গে শহিদুল ইসলাম-আবুল কালাম পক্ষের ওই সংঘর্ষ হয়। দুপক্ষের দুই নেতাই নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মমিন আলীর সমর্থকেরা শ্রীনগর বাজারে জড়ো হন। এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের অনুসারী হিসেবে পরিচিত শহিদুল ইসলাম-আবুল কালাম পক্ষও একই স্থানে সমবেত হয়। একপর্যায়ে কার কমিটি বৈধ এবং কে বৈধ সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়ে দুপক্ষের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় বাজারের একটি সেলুন ভাঙচুর করা হয়। এ ঘটনায় দুলাল, শামীম, রিপন, আলামিন, রাজুসহ অন্তত ১০ জন নেতা-কর্মী ও সমর্থক আহত হন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সংঘর্ষের পর মমিন আলী ও দেলোয়ার হোসেনের সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা শাহ মোয়াজ্জেম হোসেনের দেওয়া কমিটিকে ‘পকেট কমিটি’ অভিহিত করে তা ‘মানি না, মানব না’ বলে স্লোগান দেন। এরপর তাঁরা শ্রীনগর বাজারের প্রধান সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে যানজট তৈরি হয়। অপরদিকে শহিদুল ইসলাম-আবুল কালামের সমর্থকেরা শ্রীনগর বাজারে অবস্থান নেন। এ সময় আবার উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে ধাওয়া দেয়। তখন নেতা-কর্মী ও সমর্থকেরা চলে যান।
দলীয় নেতা-কর্মীরা বলেন, আগের কমিটি থাকা অবস্থায় শাহ মোয়াজ্জেম হোসেন নিজের পছন্দের লোক দিয়ে সম্প্রতি উপজেলা বিএনপির কমিটি গঠন করেন। ফলে উপজেলা বিএনপির সভাপতি মমিন আলীসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
উপজেলা বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উপজেলা বিএনপির সভাপতি মমিন আলীর পক্ষে নেতা-কর্মীরা উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তখন শহীদুলের পক্ষের নেতা-কর্মীরা যুবদলের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা করেন।’
উপজেলা বিএনপির আরেক অংশের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘আমরা মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। এ সময় মমিন আলীর পক্ষের লোকজন আমাদের ওপর হামলা করে।’
শ্রীনগর থানার ওসি সাহেদুর রহমান গতকাল বিকেলে বলেন, পরিস্থিতি শান্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।