বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭০, আটক ২০
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ৭০ জন আহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার বুধন্তি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করেছে পুলিশ। হামলা চলাকালীন অন্তত ২০-২৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার বুধন্তি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের বাসিন্দা আবুল হোসেন ওরফে সুজন বুধন্তি বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে যাত্রী নিয়ে কেনার উদ্দেশে রওয়ানা দেন। এ সময় মোটরসাইকেলটি বুধন্তি গ্রামের মিজান মিয়ার শরীরে লেগে যায়। এ নিয়ে আবুল ও মিজানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজান আবুল হোসেনকে চড় মারেন। বুধন্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বিষয়টি বিকেলে বসে সমাধান করবেন জানিয়ে দুজনকে যাঁর যাঁর কাজে চলে যেতে বলেন।
বেলা ১১টার দিকে বুধন্তি গ্রামের সোয়াব মিয়া মোটরসাইকেলে যাত্রী নিয়ে কেনা গ্রামে যান। পরে সুজনের নেতৃত্বে কেনা গ্রামের লোকজন সোয়াবকে মারধর করে আটকে রাখেন। পরে কেনা গ্রামের লোকজন ঘটনাটি মসজিদের মাইকে জানিয়ে এলাকায় লোক জড়ো করেন। এ সময় কেনা গ্রামের সঙ্গে তালতলা, মেরাশানি ও সেমড়া গ্রামের লোকজনও যোগ দেন। বেলা ১২টার দিকে এই চার গ্রামের লোকজন বুধন্তি গ্রামের লোকজনের ওপর হামলা চালান। পরে বুধন্তি গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত বুধন্তি গ্রামের মানিক মিয়া (৫৫), আইজু মিয়া (৫০), কাউছার মিয়া (৩০), শাহীন মোল্লা (৩৫), খেলু মিয়া (৩৫), জয়নাল মিয়া (৪০), জাহেদ মোল্লা (৪০), হায়দার আলী (৫০), আইয়ুব আলী (৫০), আরব আলী (৪৫), আলী আজম (৫০), হেফজু মিয়া (৫০), ইদ্রিস মিয়া (২২), মো. আবিদ (৩০), গিয়াস উদ্দিন (৫৫), আলী আহাদ (৬৫), মিলন মিয়া (২২), কামাল হোসেন (৩৬), আশু মিয়া (৬০), শিশু সুমন (১০), তানিয়া (৭), আবুনী বেগম (৫০) এবং কেনা গ্রামের হোসেন মোল্লা (৩০), মাজু মিয়া (৩৮), মাসুক মিয়া (৪৫) ও সাবু মিয়াকে (৫৫) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই গ্রামের লোকজনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হবে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আবার যাতে সংঘর্ষ না হয়, সে জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।