বিজয়নগরে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে খেতাবাড়ি ও মিরাসানি এলাকায় এ দুটি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বিজয়নগরের নলগড়িয়া গ্রামের আলফাজ আলীর ছেলে নুরুল ইসলাম ও কালিসীমা গ্রামের ফজলুল হকের ছেলে বুলবুল ইসলাম। পুলিশের দাবি, বুলবুল তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত। আর নুরুল ইসলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী।
পুলিশের ভাষ্যমতে, ঢাকা-সিলেট রেলপথের বিজয়নগরে মেরাশানী বাজারের উত্তর পাশের রেললাইন এলাকায় মাদকের একটি চালান বুঝে নিচ্ছিলেন নুরুল ইসলাম ও তাঁর লোকজন। এ তথ্য জানতে পেরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন সন্ত্রাসীদের গুলিতে আহত হন মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম। তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, চারটি ছুরি, তিনটি রামদা এবং ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
এদিকে বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খেতাবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বুলবুল ইসলাম ও তাঁর সহযোগীরা। তখন সেখানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। উপস্থিতি টের পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় বুলবুল।
পুলিশ নুরুল ইসলাম ও বুলবুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ প্রথম আলোকে বলেন, নিহত বুলবুল বিজয়নগর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। আর নুরুল ইসলাম চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে বুলবুলের দুই স্ত্রী হোসনা বেগম ও ববিতা বেগম সাংবাদিকদের জানান, গোলাম নামের এক লোক গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সেফপাড়ার বাড়ি থেকে বুলবুলকে ডেকে নিয়ে যান। বুলবুল বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার সকালে তাঁরা জানতে পারেন। সাত মাস জেলা কারাগারে থাকার পর মাস খানেক বুলবুল জামিনে বের হন। এরপর থেকে বুলবুল অসুস্থ অবস্থায় বাড়িতেই থাকতেন। কোথাও যেতেন না। তবে বুলবুলের বিরুদ্ধে ডাকাতির আগের কয়েকটি মামলা ছিল বলে জানান তাঁরা।
হাসপাতালে নুরুল ইসলামের বড় ভাই আলম মিয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর ভাই মাদক ব্যবসায়ী নন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজউদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের খেতাবাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে বুলবুল ইসলাম ও তাঁর সহযোগীরা গুলি ছোড়ে। গোয়েন্দা পুলিশের সদস্যরা পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে বুলবুল ঘটনাস্থলে মারা যান। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। এই বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। ঘটনাস্থল থেকে পাইপগান, ছোরা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।