বিজয়ী ও পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
সিরাজগঞ্জ পৌর নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী ও পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের বাহিরগোলা বাজার এলাকায় শাহেদনগর ও নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশরাফুর রহমান ও আবু তাহের নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সিরাজগঞ্জ পৌর শহরের শাহেদনগর গ্রামের পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন ও নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার সাহাদাত হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ওই এলাকায় দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। গত শুক্রবার এ নিয়ে উভয় মহল্লার মাতব্বররা সালিস বৈঠকের দিন ধার্য করলেও বৈঠক অনুষ্ঠিত হয়নি।
উত্তেজনা ক্রমেই বাড়ায় গতকাল শনিবার সকালে নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনকে শাহাদত হোসেনের সমর্থকেরা মারধর করে আহত করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন জুয়েল (৪৫), মোহাব্বত আলী (৩৮), পিয়ার খান (৪০), শরিফুল ইসলাম (৩৫), ইসমাইল হোসেন (২৫), সাহেদ নগর গ্রামের সবুজ (৩৬), সলিম ওরফে কালা গ্যাদা (৪০), রবিউল ইসলাম (৩৫), বানী মিয়া (৩২), মুন্না মিয়া (৩০), রকি উদ্দীন (২৬), বিজয়সহ (২৮) কমপক্ষে ২৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নবনির্বাচিত কাউন্সিলর সাহাদাত হোসেন বলেন, নির্বাচনে পরাজিত হয়ে শাহাদত হোসেন তাঁর বাহিনী নিয়ে নতুন ভাঙ্গাবাড়ী গ্রামবাসীর ওপর দফায় দফায় হামলা চালান।
শাহাদত হোসেন বলেন, ‘নতুন ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় আমার এজেন্টদের মারধর করে বের করে দিয়ে ফলাফল পরিবর্তন করে দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।’
সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, নির্বাচনের দিন রাতে দুজন প্রার্থীর সমর্থকদের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। এরই জের ধরে শনিবার সকালে আবারও সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আশরাফুর রহমান ও আবু তাহের নামে দুই যুবককে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।