বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য প্রার্থী ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ, দুই পরাজিত প্রার্থীর সমর্থকেরা এ ভাঙচুর চালিয়েছেন। এ সময় সংঘর্ষে অন্তত পক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে ওই ওয়ার্ডের সাজিমারা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে আবদুল ছাত্তার, হামিদুর রহমান ও মোশারফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়ী হন আবদুল ছাত্তার।

আবদুল ছাত্তার অভিযোগ করেন, পরাজিত দুজন ও তাঁদের সমর্থকেরা মিলে আজ দুপুরে তাঁর (ছাত্তার) ও তাঁর সমর্থক মুক্তার হোসেন, মনজুরুল হক, শুক্কুর আলী, মতি মিয়া, ফারুক মিয়ার বাড়ি ও বাদশা মোল্লার একটি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তাঁর পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে জিয়ার মোল্লা (৪০) ও মিস্টার মোল্লাকে (৪৫) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনি মামলা করবেন বলেও জানান।

পরাজিত প্রার্থী হামিদুর রহমান বলেন, তাঁর সমর্থক কয়েকজন আজ সকালে সাজিমারা গ্রামে ধান কাটতে যান। এ সময় আবদুল ছাত্তারের লোকজন তাঁর (হামিদুর) সমর্থকদের মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষে ​সংঘর্ষ হয়। এতে তাঁর পাঁচজন সমর্থক আহত হয়েছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।