বিটিআরসির অনিয়মে সরকারের ২ হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নানা অনিয়মের কারণে ১০ বছরে সরকারের প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত বিটিআরসির কর্মকাণ্ডের ওপর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিরীক্ষা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটিতে এসব অনিয়ম নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে বেসরকারি টেলিভিশনকে তরঙ্গ ও ফ্রিকোয়েন্সি বরাদ্দ, লাইসেন্স প্রদান, টেলিকম কোম্পানির শেয়ার হস্তান্তর ও অবৈধ ভিওআইপির মাধ্যমে কল আদান-প্রদান। এতে ১০ বছরে সরকারের ২ হাজার ৫৪৭ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, পিএসটিএন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক) অপারেটর ওয়ার্ল্ডটেল বাংলাদেশ অবৈধ ভিওআইপির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিলেও জরিমানা আদায় না করায় সরকারের ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। টাকা অনাদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে তা প্রতিবেদন আকারে কমিটির কাছে জমা দিতে সুপারিশ করা হয়েছে।
নিরীক্ষা আপত্তিতে বলা হয়, ফ্রিকোয়েন্সি বরাদ্দে অনিয়মের কারণে একুইজিশন ফি বাবদ সরকারের ৮৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। কমিটি অনাদায়ি টাকা আদায়ে উদ্যোগ গ্রহণ করে আগামী ১৫ দিনের মধ্যে জানাতে বলেছে। স্পেকট্রামের মূল্য নির্ধারণ-সংক্রান্ত অনিয়মে ২৪ কোটি টাকার ক্ষতি হয়। কমিটি ৯০ দিনের মধ্যে পাওনা টাকা আদায় করতে বলেছে। ওয়ারিদ টেলিকমকে লাইসেন্স দেওয়ায় অনিয়ম এবং পরে চুক্তির শর্ত ভঙ্গ করা সত্ত্বেও পারফরম্যান্স ব্যাংক জামানত বাজেয়াপ্ত না করায় ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার এয়ারটেলের কাছে হস্তান্তরের সময় কম ফি আদায় করায় ৭৬ কোটি ৯৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। একুশে টেলিভিশনের কাছ থেকে তরঙ্গ ও বেতারযন্ত্রের লেভি চার্জ আদায় না করায় ১৭ কোটি টাকা এবং জরিমানা আদায় না করায় ৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কমিটি টাকা আদায়ের জন্য এ-সংক্রান্ত মামলা যথাযথভাবে তদারকির সুপারিশ করেছে।
বিলম্বে মোবাইল সেটের রয়ালটি ও লাইসেন্স ফি পরিশোধ করা সত্ত্বেও জরিমানা আদায় না করায় সরকারের চার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। বিটিআরসির আরও বেশ কিছু কর্মকাণ্ডে আর্থিক অনিয়ম হয়েছে বলে নিরীক্ষা আপত্তিতে উল্লেখ করা হয়েছে।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ, আ ফ ম রুহুল হক, মঈন উদ্দীন খান বাদল ও রুস্তম আলী ফরাজী অংশ নেন।