বিটিসিএল গুদাম থেকে যন্ত্রপাতি লোপাটের অভিযোগ

গাইবান্ধা শহরে বিটিসিএলের একটি গুদাম থেকে প্রায় অর্ধকোটি টাকা মূলে৵র যন্ত্রপাতি লোপাটের অভিযোগ পাওয়া গেছে। মুঠোফোন নেটওয়ার্ক চালু হওয়ার পরপরই পাবলিক কল অফিসের (পিসিও) এসব যন্ত্রপাতি ওই গুদামে মজুত রাখা হয়েছিল। তৎকালীন বিটিঅ্যান্ডটিবির (ক্যারিয়ার অ্যান্ড ওয়্যারলেস) গাইবান্ধা কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলামের বিরুদ্ধে এসব যন্ত্রপাতি বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী আজিজুল।
গাইবান্ধা বিটিসিএল কার্যালয় সূত্র জানায়, তৎকালীন বিটিঅ্যান্ডটিবির (ক্যারিয়ার অ্যান্ড ওয়্যারলেস) আওতায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, গোবিন্দগঞ্জ উপজেলা শহর, সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ও সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকায় বেতার পিসিওর মাধ্যমে ল্যান্ডফোনে যোগাযোগ ব্যবস্থা চালু ছিল। এই পিসিওগুলো থেকে নির্ধারিত ফি দিয়ে সাধারণ মানুষ টেলিফোন সেবা নিত। পরে বেসরকারি মুঠোফোন নেটওয়ার্ক চালু হলে পিসিওগুলো গুরুত্বহীন হয়ে পড়ে। এই বাস্তবতায় বিটিসিএল (তৎকালীন বিটিঅ্যান্ডটিবি) কর্তৃপক্ষ পিসিওগুলো বন্ধ করে দেয়। প্রতিটি পিসিওতে একটি করে উঁচু টাওয়ার, ব্যাটারি ও অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি ছিল।
গাইবান্ধা বিটিসিএল কার্যালয় থেকে জানা যায়,চারটি পিসিওর মধ্যে গোবিন্দগঞ্জ এবং কামারজানি পিসিওর টাওয়ার, ব্যাটারিসহ সব বিভাগীয় মালামাল ১৯৮৭ সালে গাইবান্ধা বিটিসিএল (সিঅ্যান্ডডব্লিউ) গুদামে রাখা হয়। ২০০৭ থেকে ২০০৮ সালের (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে) মধ্যে জুমারবাড়ি ও শোভাগঞ্জ পিসিওর টাওয়ার, ব্যাটারি ও অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি গাইবান্ধা বিটিসিএল (ক্যারিয়ার অ্যান্ড ওয়্যারলেস) গুদামে এনে রাখা হয়। এ ছাড়া এই গুদামে দুটি ইঞ্জিন (ইঞ্জিন-১ ও ইঞ্জিন-২), দুটি ট্রলি ইঞ্জিন (ট্রলি ইঞ্জিন-১ ও ট্রলি ইঞ্জিন-২) এবং একটি হোন্ডা ইঞ্জিন রাখা হয়। সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূলে৵র যন্ত্রপাতি গুদামে রাখা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএলের একজন কর্মকর্তা অভিযোগ করেন, ২০০৭-২০০৮ সালের দিকে জুমারবাড়ি ও শোভাগঞ্জ পিসিওর মূল্যবান যন্ত্রপাতি গাইবান্ধা বিটিসিএল গুদামে রাখার পর থেকে ক্রমে উধাও হতে থাকে। ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে এসব যন্ত্রপাতি পুরোপুরি উধাও হয়ে যায়। বর্তমানে একটি ট্রলি ইঞ্জিন ছাড়া গুদামে আর কিছুই নেই। সেই ট্রলিটিও গুদামঘরের বইরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে অকেজো হয়ে গেছে।
এই কর্মকর্তা আরও জানান, ২০০৭ সালের দিকে তৎকালীন বিটিঅ্যান্ডটিবির (ক্যারিয়ার অ্যান্ড ওয়্যারলেস) গাইবান্ধা কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন আজিজুল ইসলাম। মূলত তাঁর আমলেই গুদাম থেকে এসব মূল্যবান যন্ত্রপাতি উধাও হতে থাকে। ২০১৫ সালে আজিজুল ইসলাম গাইবান্ধা থেকে বদলি হয়ে যান। ওই বছরের ৪ নভেম্বর আশুতোষ বর্মাকে তিনি দায়িত্ব বুঝিয়ে দেন। বর্তমানে আজিজুল ইসলাম রংপুর বিটিসিএল কার্যালয়ে কর্মরত রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা বিটিসিএলের এক টেকনিশিয়ান মুঠোফোনে বলেন, ‘২০০৮ সালে প্রকৌশলী আজিজুল ইসলামের নেতৃত্বে আমিসহ সাত কর্মকর্তা-কর্মচারী জুমারবাড়ি পিসিওর টাওয়ারসহ অন্যান্য মালামাল উঠিয়ে এনে গাইবান্ধা গুদামে রাখি। পরে আজিজুল ইসলামই এসব যন্ত্রপাতি বগুড়ায় পাঠানোর কথা বলে আত্মসাৎ করেন। এ ছাড়া এক জেলার মালামাল অন্য জেলায় পাঠানোর কথা নয়।’
এদিকে বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, তৎকালীন বিটিঅ্যান্ডটিবির গাইবান্ধা কার্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড ওয়্যারলেস বিভাগের জে৵ষ্ঠ উপসহকারী প্রকৌশলী মমতাজুল ১৯৯৪ সালের ৪ ফেব্রুয়ারি বিটিঅ্যান্ডটিবির বগুড়া ক্যারিয়ার ও বেতার রক্ষণাবেক্ষণ বিভাগেরসহকারী প্রকৌশলীকে একটি চিঠি দেন।এতে বলা হয়, কামারজানি ও গোবিন্দগঞ্জ পিসিও দুটির সব মালামাল গাইবান্ধা গুদামে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় লোকজনের বাধায় জুমারবাড়ি ও শোভাগঞ্জ পিসিও দুটির মালামাল সরানো সম্ভব হয়নি। চিঠিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতেই ২০০৭-০৮ সালের দিকে জুমারবাড়ি ও শোভাগঞ্জ পিসিও দুটির মালামাল গাইবান্ধার গুদামে আনা হয় বলেনাম প্রকাশে অনিচ্ছুক গাইবান্ধা বিটিসিএলের ওই টেকনিশিয়ান জানান।
অভিযোগ প্রসঙ্গে উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমি দায়িত্ব পালনকালে কোনো যন্ত্রপাতি উধাও হয়নি। আত্মসাতেরও ঘটনা ঘটেনি। যাঁরা এ অভিযোগ করেছেন, তাঁরা ভুয়া কথা বলছেন। সে সময় অনেক যন্ত্রপাতি বিটিসিএলের বগুড়া গুদামে রাখার নির্দেশ ছিল। সেখানেই রাখা হয়েছে। গাইবান্ধায় যেসব যন্ত্রপাতি রাখা হয়, সেগুলো ছিল অকেজো।’ তিনি আরও বলেন, বিটিসিএলের কিছু কর্মকর্তা-কর্মচারীকে তিনি দায়িত্বে থাকাকালে বদলি করেন। এসব কর্মকর্তা-কর্মচারীই মূলত তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
গাইবান্ধা বিটিসিএলের চলতি দায়িত্বে থাকা টেকনিশিয়ান (ক্যারিয়ার অ্যান্ড ওয়্যারলেস) হারুন-অর-রশিদ গত শনিবার বিকেলে মুঠোফোনে বলেন, গাইবান্ধা গুদামে কোনো মালামাল রাখা হয়নি। সব বগুড়ায় রাখা হয়েছে।
এ বিষয়ে গতকাল রোববার বিকেলে বগুড়া বিটিসিএলের (তৎকালীন বিটিঅ্যান্ডটিবি) কেরিয়ার ও বেতার রক্ষণাবেক্ষণ বিভাগের সহকারী প্রকৌশলী আবদুস সালামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।