একজন গ্রেপ্তার, পালিয়ে গেছেন বিটিসিএলের এক কর্মচারী
বিটিসিএলের অফিস থেকে ৭৬ হাজার ইয়াবা উদ্ধার
পুরান ঢাকার ওয়ারীতে বিটিসিএলের একটি স্থানীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৭৬ হাজার ইয়াবা বড়িসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে র্যা ঙ্কিন স্ট্রিটে সাব পোস্ট অফিস ভবনের নিচতলায় বিটিসিএলের একটি কক্ষ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিটিসিএলের একজন কর্মচারী পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
ইয়াবা উদ্ধার নিয়ে গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, আটক কিশোরের নাম মো. আবু সিদ্দিক। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বিটিসিএলের কর্মচারী মো. মোস্তফার সঙ্গে মাদক ব্যবসায়ী চক্রের যোগসাজশ রয়েছে। মোস্তফা অনেক দিন ধরে ওই কার্যালয়কে ইয়াবা ব্যবসার জায়গা হিসেবে ব্যবহার করে আসছিলেন। সকাল সাড়ে আটটার দিকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মো. মোস্তফা পালিয়ে যান। বিষয়টি বিটিসিএল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আটক করা কিশোর পুলিশকে জানায়, দেড় মাস আগে সে ওয়ারী এলাকায় কাগজ কুড়াত। মোস্তফা তাকে প্রতিদিন ৫০০ টাকা দেওয়ার কথা বলে ইয়াবার বাহক নিয়োগ করেন। আগেও বিভিন্ন জায়গায় কাগজে মোড়া ব্যাগ পৌঁছে দিয়েছে। তবে কোন কোন স্থানে সেগুলো দিয়েছে, তা সে জানায়নি।
ওয়ারী বিভাগের উপকমিশনার নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, র্যা ঙ্কিন স্ট্রিটের ওই ভবনের দোতলায় সাব পোস্ট অফিস। নিচতলায় থাকেন পোস্টমাস্টার। তাঁর কক্ষের পাশের কক্ষটি বিটিসিএল ব্যবহার করে, যেখানে সংস্থাটির যন্ত্রপাতি রাখা আছে। ওই কক্ষে লাল একটি বড় ব্যাগের ভেতরে ৭৬ হাজার ইয়াবা পাওয়া যায়। সেগুলো যত্ন করে মোড়ানো ছিল। তিনি বলেন, বিটিসিএলের ওই অফিসটির টেকনিশিয়ান (ওয়ার্ক চার্জ) মোস্তফা (৩৫) এই ইয়াবাগুলো বিক্রির জন্য সেখানে আনেন। ওই কিশোর ইয়াবা বহনের কাজে চুক্তিবদ্ধ ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ২ কোটি ২৮ লাখ টাকা বলে তিনি জানান।
মনিরুল ইসলাম বলেন, ইয়াবা উদ্ধারের বিষয়টি বিটিসিএলকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে কর্মচারী মোস্তফার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।