বিটিসিএলের পাঁচ শীর্ষ কর্মকর্তাকে বাদ দিয়ে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৪৫ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এজাহারভুক্ত পাঁচ শীর্ষ কর্মকর্তাকে বাদ দিয়ে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশন এই অভিযোগপত্রের অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন সিঙ্গাপুরের আইপাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের পরিচালক মাকসুদুল লতিফ মিঠু এবং প্রতিষ্ঠানটির স্থানীয় অংশীদার ও রাজটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসিবুল বাসার।
তদন্তে বিটিসিএলের পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে ‘অভিযোগ প্রমাণ না হওয়ায়’ তাঁদের অব্যাহতি দেওয়া হয়। তাঁরা হলেন বিটিসিএলের সাবেক এমডি আবু সাঈদ খান, সাবেক পরিচালক মো. মাহফুজার রহমান, পরিচালক (পরিদর্শন) মো. মাহবুবুর রহমান, উপপরিচালক (বৈদেশিক সংগ্রহ) আবদুল হালিম এবং টেলিটকের ডিজিএম ও বিটিসিএলের সাবেক বিভাগীয় প্রকৌশলী (আইসিটি) এ কে এম আসাদুজ্জামান।
দুদক সূত্র জানায়, ২০১০ সালের ২০ এপ্রিল থেকে ২০১১ সালের ১৫ অক্টোবর পর্যন্ত আইপাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড জালিয়াতির আশ্রয় নিয়ে বিটিসিএলের ৪৪ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ১৭৭ টাকা আত্মসাৎ
করে—এমন অভিযোগে ২০১২ সালের ৫ নভেম্বর রমনা থানায় বিটিসিএলের জ্যেষ্ঠ ওই পাঁচ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ অনুসন্ধান শেষে উপপরিচালক এস এম সাহিদুর রহমান মামলাটি দায়ের করেন।