বিটিসিএল চট্টগ্রামের নন্দনকাননের বিভাগীয় প্রকৌশলীসহ তিনজনের দুর্নীতির পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
গত ১৭ আগস্ট সাবেক সহকর্মীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় দুদকের ফাঁদে ধরা পড়েন বিটিসিএল চট্টগ্রামের নন্দনকানন কার্যালয়ের প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবির। পরে কার্যালয়ের প্রধান সহকারী ও বিভাগীয় প্রকৌশলীর (অভ্যন্তরীণ) কক্ষের আলমারি ও রেজিস্ট্রার বই তল্লাশি করে নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা এবং ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দ করা হয়। এই ঘটনায় বিভাগীয় প্রকৌশলীকেও গ্রেপ্তার করা হয়।
ওই দিন রাতে দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। এর মধ্যে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়ায় বিটিসিএল নন্দনকানন কার্যালয়ে প্রধান সহকারী মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আর কক্ষ তল্লাশি করে ৮৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ ২ লাখ ৩৪ হাজার টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় এই দুজনের পাশাপাশি বিভাগীয় প্রকৌশলী প্রদীপ দাশকেও আসামি করা হয়।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরীবলেন, দুই মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদ করতে সাত দিন করে রিমান্ডের আবেদন করেন দুদক চট্টগ্রামের উপপরিচালক মোশারফ হোসেন মৃধা। শুনানি শেষে আদালত একটিতে গিয়াস ও হুমায়ুনকে দুই দিন করে এবং অপর মামলায় বিভাগীয় প্রকৌশলী, গিয়াস ও হুমায়ুনকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুনানির আগে তাঁদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।