বিডি ফুডসের বেতনের ২৬ লাখ টাকা লুট
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে বিডি ফুডস লিমিটেড কারখানার ২৬ লাখ ১০হাজার টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কারখানা কর্তৃপক্ষ দাবি করেন, ওই টাকা শ্রমিকদের বেতনের জন্য ব্যাংক থেকে তোলা হয়েছিল।
কারখানার ব্যবস্থাপক মো. বাহাদুর আলী জানান, বেলা ১১টার দিকে ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিকদের বেতন দেওয়ার জন্য হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন ২৬লাখ টাকা তুলে মাইক্রোবাসে করে কারখানার উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নিরাপত্তা কর্মী আবুল হোসেন ও শাহদাত হোসেন। পথে মাস্টার বাড়ি ভাওয়াল মির্জাপুর সড়কের নান্দুয়াইন এলাকায় পৌঁছালে দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত মাইক্রোবাসের গতিরোধ করে। তারা রড দিয়ে মাইক্রোবাসের কাচ ভেঙে গাড়ির চালক লিটন মিয়া ও বাকিদের মারধর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক ভূইয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এত বড় অঙ্কের টাকা ব্যাংক থেকে কারখানায় নেওয়ার ক্ষেত্রে পুলিশকে আগে থেকে জানানো উচিত ছিল।