১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত রানা লাবুর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার উপজেলার দেলুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যানের নামে থানায় মামলা হয়েছে এবং পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আহত তায়জুল ইসলাম নাজিরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার তায়জুল ইসলাম মুঠোফোনে বলেন, চাল বিতরণে অনিয়মের ব্যাপারে তিনিসহ নয়জন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছিলেন। তদন্তের পরিপ্রেক্ষিতে ৭৭ জন বিত্তশালীর নাম তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয়েছিলেন ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি নাজিরপুর বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি যাচ্ছিলেন। শওকত রানার বাড়ির অদূরে দেলুরমোড় এলাকায় একদল লোক ভ্যানের গতিরোধ করে। তারা তাঁকে টেনেহিঁচড়ে নামায় এবং চেয়ারম্যানের বাড়ির কাছে গোপীনাথপুর স্কুলমাঠে নিয়ে লোহার রড় দিয়ে বেদম মারধর করে। এ সময় শওকত রানা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে তাঁকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। বেদম পিটুনিতে তাঁর বাঁ হাত-পা ভেঙে গেছে। ডান পা জখম হয়েছে।
এ ঘটনায় গতকাল বেলা ১১টার দিকে তায়জুল ইসলাম বাদী হয়ে শওকত রানা ও তাঁর সহযোগীদের আসামি করে গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন। অন্য আসামিরা হলেন মো. সুরুজ, সেকেন্দার আলী, মো. দুলাল, ফরিদ হোসেন, আবদুল হান্নান, আবদুল মোমীন, মো. শহিদুল ইসলাম ও মো. বয়েন। এর মধ্যে মো. দুলাল ও ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে শওকত রানা বলেন, ‘ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। কী কারণে যুবলীগ নেতা হামলার শিকার হয়েছেন তা বোধগম্য নয়। রাজনৈতিক বিরোধের কারণে এই মামলা করা হয়েছে।’
এদিকে যুবলীগ নেতাকে মারধর ও অনিয়মের অভিযোগপত্রে স্বাক্ষর করা অন্য আটজনকেও হুমকি দেওয়ার প্রতিবাদে এবং ইউপি চেয়ারম্যানসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে নাজিরপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।