পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে দুর্নীতিবাজ ও বিতর্কিত ব্যক্তিদের তালিকাভুক্ত করার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে কয়েকজন মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এ সময় তাঁরা পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী মুক্তিযোদ্ধা কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান, মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মোস্তফা শাহ আলম, সাবেক সহকারী কমান্ডার আবদুল হালিম জমাদ্দার, মঠবাড়িয়া সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর হোসেন, সহকারী কমান্ডার ইয়াকুব আলী হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল হক লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. বাচ্চু মিয়া একজন বিতর্কিত মুক্তিযোদ্ধা। কিন্তু তাঁকেই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি করা হয়েছে। তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে অমুক্তিযোদ্ধা, স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান এবং যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঠবাড়িয়ায় ৬১০ জন ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। যাঁদের বেশির ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা। প্রকৃতপক্ষে মঠবাড়িয়ায় ২০০-২২৫ জনের বেশি মুক্তিযোদ্ধা ছিলেন না। বিভিন্ন সময় অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এ বছর ৭২০ জন নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। যাচাই-বাছাই কমিটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে নতুন করে ২৯৫ জনকে তালিকাভুক্ত করে তাঁদের নাম মন্ত্রণালয় পাঠিয়েছে। যাচাই-বাছাইয়ের সময় মুক্তিযোদ্ধারা বিতর্কিত ব্যক্তিদের তালিকাভুক্ত করার প্রতিবাদ জানালেও কমিটি তা আমলে নেয়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক খান ও মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল বলেন, সাংসদ রুস্তম আলী ফরাজী কোথায় যুদ্ধ করেছেন, তা তাঁরা জানেন না। বিএনপির সাংসদ থাকার সময় তিনি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছিল। কিন্তু যাচাই-বাছাই কমিটি সে অভিযোগ আমলে নেয়নি।
এ সম্পর্কে মুঠোফোনে সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলাম। ছাত্রলীগের রাজনীতি করতাম। আমার সঙ্গে যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, তাঁরা আমার সম্পর্কে জানেন। তাঁরা (মুজিবুল হক খান ও মোস্তফা শাহ আলম) কোথায় মুক্তিযুদ্ধ করেছেন, সেটা তো আমিও জানি না। মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাঁরা এসব অভিযোগ করছেন।’
এ বিষয়ে জানতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাচ্চু মিয়ার মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি। সহকারী
কমান্ডার শাহাদাৎ হোসেন বলেন, উপজেলা কমান্ডার অসুস্থ। তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সঠিক নয়। যাচাই-বাছাইয়ে কোনো টাকা নেওয়া হয়নি।