বিত্তবানদের প্রেমের ফাঁদে ফেলে ‘ঘনিষ্ঠ’ ছবি তুলে টাকা আদায়
আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তির সঙ্গে মুঠোফোনে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন একজন নারী। কিছুদিন পর তাঁকে দেখা করার আমন্ত্রণ জানাতেন। দেখা করতে গেলে ওই ব্যক্তির সঙ্গে ‘ঘনিষ্ঠ’ ছবি তুলতেন। এরপর ওই নারীর সহযোগীরা ঘটনাস্থলে হাজির হতেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য ও সাংবাদিক পরিচয়ে। ছবিগুলো অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আদায় করতেন মোটা অঙ্কের টাকা, এমন তথ্য জানিয়ে ওই চক্রের সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নওগাঁ সদর থানার পুলিশ।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। পুলিশ তাঁদের গতকাল শনিবার বিকেলে আত্রাই উপজেলা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে।
গ্রেপ্তার সাতজন হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বুলবুলি খাতুন (২৩), নওগাঁর আত্রাই উপজেলার বাহাদুর শেখ (৩৮), তাঁর স্ত্রী মুক্তা বেগম (৩৮), ইদ্রিস আলী (৪৫), আল আমিন (২৮) ও মুন্নি বিবি (২৮) এবং নওগাঁ সদর উপজেলার এনামুল হক (২৬)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বুলবুলি খাতুন, মুন্নি বিবি ও মুক্তা বেগম বিভিন্ন সময় বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও চাকরিজীবীদের প্রেমের ফাঁদে ফেলে নির্দিষ্ট একটি বাড়িতে ডেকে নিয়ে যেতেন। তাঁদের সঙ্গে ওই নারীদের ‘ঘনিষ্ঠ’ ছবি গোপনে তুলে রাখতেন চক্রের অন্য সদস্যরা। এরপর ঘটনাস্থলে হাজির হয়ে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে গ্রেপ্তার ও ছবি তোলার ভয় দেখাতেন বাহাদুর শেখ, ইদ্রিস আলী, এনামুল হক ও আল আমিন। এভাবে ওই ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা।
পুলিশ সুপার বলেন, গতকাল ওই চক্রের নারী সদস্য বুলবুলি আত্রাই উপজেলার এক ব্যবসায়ীকে একটি বাড়িতে ডেকে নেন। পরে চক্রটির অন্য সদস্যরা ওই ব্যক্তিকে ভয় দেখিয়ে মেয়েটির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। এ থেকে বাঁচতে হলে তাঁকে পাঁচ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। ওই ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চক্রটির সাত সদস্যকে গ্রেপ্তার করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।