বিত্তশালীরা পাচ্ছেন ১০ টাকার চাল, বঞ্চিত হতদরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ টাকা কেজিতে চাল বিক্রির সরকারি কার্যক্রম হতদরিদ্রদের জন্য হলেও কোথাও কোথাও তা পাচ্ছেন সরকারি চাকরিজীবী, স্কুলশিক্ষক, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ বিত্তশালীরা। সুবিধাভোগীদের তালিকা তৈরিতেও রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই হতদরিদ্র অনেক পরিবার এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কোথাও কোথাও চাল কম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

অনেক ভুক্তভোগী পরিবার ও ইউপি সদস্যরা অভিযোগ করেছেন, রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগের লোকজনকে ডিলারশিপ দেওয়ার কারণে অনিয়ম হচ্ছে।

গত ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে ১০ টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। হতদরিদ্র মানুষের জন্য চালু হওয়া এই কার্যক্রমের আওতায় সারা দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ১ অক্টোবর থেকে শুরু হয়েছে ১০ টাকায় চাল বিক্রির কার্যক্রম। জেলার ১৫টি ইউনিয়নের হতদরিদ্র ১৯ হাজার ২৩২টি পরিবার ১০ টাকা কেজি দরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু সেখানে চাল বিতরণ, পরিমাপ করা এবং হতদরিদ্রদের তালিকা করা নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

বাউফলে ডিলারের কাছ থেকে পাওয়া তালিকার ১২৬৩ নম্বরে রয়েছেন মো. জালাল আহম্মেদ নামে এক ব্যক্তি, যিনি উপজেলার সূর্যমণি ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত। একই তালিকার ১২৫৮ নম্বরে রয়েছে মোছা. উম্মে কুলসুম এবং ১২৬৬ নম্বরে রয়েছে তাঁর স্বামী এস এম জাহাঙ্গীরের নাম। কুলসুম কনকদিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য। তালিকার ১২৬২ নম্বরে আছে কাজী মিজানুর রহমানের নাম, যিনি একজন ব্যবসায়ী ও কনকদিয়া বাজারের ইজারাদার। ১২৭৮ ক্রমিক নম্বরের ব্যক্তির নাম মো. জামাল সিকদার। তিনি কনকদিয়া স্যার সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক।

তালিকায় এ ধরনের অনিয়মের কারণে প্রকৃত হতদরিদ্র লোকজন এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের রোকসনা বেগম (৩২) বিধবা। ভিক্ষা করে সংসার চালান তিনি। চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করা এই নারীর নাম নেই তালিকায়। তিনি বলেন, ‘শাশুড়ি, তিন সন্তানসহ চার সদস্যের সংসার চালাতে মানুষের কাছে হাত পাততে হয়। মনে করছিলাম ১০ টাহার চাউলের তালিকায় নাম থাকবে। পোড়া কপাল আমার। হেই তালিকায় নাম নাই।’

হতদরিদ্রদের তালিকা বাছাই কমিটির উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘কিছু অনিয়ম হচ্ছে। আশা করি আগামী ১৫ দিনের মধ্যে এসব অনিয়ম দূর করা যাবে। তবে কোনোভাবেই সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, ইউপি সদস্য ও অবস্থাপন্ন ব্যক্তিদের নাম এই তালিকায় থাকার সুযোগ নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ক্ষমতাসীন দলের নেতাদের হস্তক্ষেপের কারণে চুয়াডাঙ্গার তিতুদহ ও বেগমপুর ইউনিয়নের প্রায় আড়াই হাজার হতদরিদ্র পরিবার ১০ টাকায় চালের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, সদর উপজেলার তিতুদহ ও বেগমপুর ইউনিয়ন চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর উপজেলা) আসনের অন্তর্ভুক্ত। সেখানকার সাংসদ আলী আজগার। তাঁর অনুসারী হিসেবে পরিচিত আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান টিপু ও গিয়াস উদ্দিনকে তিতুদহ এবং মো. হামিদুল্লাহ ও আব্বাস উদ্দিন বেগমপুর ইউনিয়ন থেকে তালিকা প্রণয়ন কমিটিতে রয়েছেন। তাঁদের মধ্যে মতবিরোধের জেরে সেখানকার তালিকাই প্রণয়ন করা যায়নি।

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, মলংচড়া ও চাঁচড়া ইউনিয়নের আওয়ামী লীগ কর্মীদের জন্য কার্ড নিশ্চিত এবং বিএনপি-জামায়াতের কর্মীর কার্ড বাতিল করতে গিয়ে বিলম্ব হওয়ায় ১০ টাকা কেজির চাল ফেরত চলে গিয়েছে।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ও প্রকল্প কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, এ কর্মসূচির আওতায় তজুমদ্দিন উপজেলার পাঁচ ইউনিয়নের ৬ হাজার ৬২২ জন হতদরিদ্র পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু চাঁদপুর, চাচড়া ও মলংচড়ায় চূড়ান্ত তালিকা এখনো প্রস্তুত হয়নি। গত সেপ্টেম্বর মাসে এই তিন ইউনিয়নের ৩ হাজার ৫৭৬ ব্যক্তির নামে বরাদ্দকৃত প্রায় ১০৭ মেট্রিক টন চাল বাতিল হয়ে গেছে।

তজুমদ্দিনের ইউএনও জালাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জটিলতা কেটে গেছে। আশা করা যায়, আগামী সপ্তাহে চাল বিক্রি শুরু হবে।

রাজশাহীর বাগমারার ঝিকড়া ইউনিয়নে হতদরিদ্রদের তালিকা অনুমোদনের আগেই চাল বিতরণ শুরু করার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতাদের তৈরি তালিকা অনুসারে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এই চাল বিতরণের ব্যবস্থা করেন।

ঝিকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালিকা প্রণয়ন কমিটির সদস্য সাইদুজ্জামান বলেন, গত শুক্রবার সকালে ইউনিয়নের নিয়োগ পাওয়া দুজন ডিলার চাল বিক্রি করেন। আওয়ামী লীগের লোকজনের তৈরি তালিকা অনুসারে ৯০০ জনের কাছে ওই চাল বিক্রি করা হয়। তবে যাদের চাল দেওয়া হয়েছে তাদের তালিকা অনুমোদন দেওয়া হয়নি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নে ৩০ কেজি চাল বিতরণ করে ৬০ কেজি চাল দেওয়া হয়েছে মর্মে টিপসই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাল পেয়েছেন এমন একজন উপজেলা মরিচাকান্দি এলাকার তাতুয়াকান্দি গ্রামের বানু বেগম। গত শনিবার তিনি বলেন, ‘আমাগোর কার্ডে দুইডা কইরা টিপসই নিছে। হেই কার্ডে ৬০ কেজি লেইখা ৩০ কেজি কইরা দিছে।’

{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ভোলা, চুয়াডাঙ্গা, বাউফল (পটুয়াখালী), বাগমারা (রাজশাহী), বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) ও প্রতিনিধি}