বিদেশ পাঠানোর প্রলোভনে ধর্ষণের অভিযোগ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক তরুণীকে (২০) বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই তরুণীর মা গত সোমবার আদালতে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আমুরোড গ্রামের এক ব্যক্তি (৩৫) ওই তরুণীকে বিনা খরচে ওমান পাঠানোর কথা বলে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। কিছুদিন আগে ওই ব্যক্তি তরুণীকে জানান, তাঁর ভিসা হয়ে গেছে এবং ১ নভেম্বর রাতে তাঁর ফ্লাইট। ১ নভেম্বর ওই তরুণী ঢাকায় যাওয়ার উদ্দেশে৵ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের গোল চত্বর এলাকায় আসেন। সেখানে একটি মাইক্রোবাসে ওই তরুণীকে তুলে নেন ওই ব্যক্তি। গাড়িতে আরও দুই-তিনজন লোক ছিলেন। ওই ব্যক্তিসহ তিন-চারজন নির্জন স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ করেন। তাঁকে বিভিন্ন স্থানে ১৩ দিন আটক রাখা হয়। গত শুক্রবার ওই তরুণী কৌশলে পালিয়ে আসেন। ওই তরুণীর মা সোমবার হবিগঞ্জ আমলি আদালতে চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বলেন, তরুণীকে আদালত তাঁর মায়ের জিম্মায় দিয়েছেন। গত মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা হয়েছে।