
কক্সবাজারের চকরিয়ার প্রহরচাঁদা গ্রামের বাসিন্দা তাঁরা ছয়জন। দারিদ্র্য ঘোচাতে বিদেশে যাওয়ার জন্য ঢাকায় আসছিলেন। কিন্তু পথে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলায় পুড়ে কয়লা হয়ে গেলেন দুজন। অপর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
চৌদ্দগ্রামের মিয়া বাজারে গত সোমবার গভীর রাতে আইকন পরিবহনের বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে নিহত সাতজনের মধ্যে কক্সবাজারের এই দুজন মো. ইউসুফ ও আবু তাহেরও আছেন। ইউসুফের ভাই মো. হানিফের শরীরের ৭ শতাংশ পুড়েছে। ৮০ শতাংশ পুড়ে যাওয়া রাশিদুল আছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ওই বাসের যাত্রী ফারুক, জিলকদ, আরিফ ও শফিকুলকেও।
গতকাল মঙ্গলবার রাতে বার্ন ইউনিটের চিকিৎসকেরা প্রথম আলোকে বলেন, রাশিদুলের গোটা শরীর পুড়ে গেছে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক।
বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের বাইরে রাশিদুলের ফুফাতো ভাই মো. জকরিয়া উদ্ভ্রান্তের মতো এ-মাথা ও-মাথা ছোটাছুটি করছিলেন। এক স্বজনকে বারবার জিজ্ঞেস করছিলেন রাশিদুল বাঁচবেন কি না। তিনি জানান, রাশিদুল ঢাকা শহরে কখনো আসেননি। প্রহরচাঁদায় চাষবাস করে স্ত্রী, দুই সন্তান ও মাকে নিয়ে কোনো রকমে চলছিল সংসার। বাধ্য হয়ে বাহরাইন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

পুড়ে প্রায় অঙ্গার হয়ে গেছেন ১৮ বছরের শফিকুল। ১৩ বছর বয়স থেকে কক্সবাজারে খই বিক্রি করে ছোট তিন ভাইবোনের লেখাপড়ার খরচ চালান তিনি। ফিরছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাড়িতে। সকালে ছেলের খবর পেয়েই বাবা আলাউদ্দিন ছুটে আসেন বার্ন ইউনিটে। স্বজনদের জড়িয়ে ধরে সে কী আহাজারি। অবজারভেশন রুম থেকে ব্যান্ডেজে মোড়া, কয়লা হয়ে যাওয়া ছেলেকে যখন অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল, আলাউদ্দিন তখন কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেছেন। চিৎকার করে বলছিলেন, ‘আমার ছ্যারাটা জ্বইলা গ্যাছে।’
নিখোঁজ ভাইকে খুঁজে ফিরে আসার পথে দগ্ধ হয়েছেন আরিফ শিকদার। রাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়া ভাই সজীব শিকদার কক্সবাজার থেকে সপ্তাহ খানেক আগে ফোন করে জানান, ট্রলারে করে বিদেশ চলে যাবেন। পরদিনই ট্রলারডুবির খবর পান। ভাইয়েরও কোনো খোঁজ দিতে পারেননি কেউ। তাই ভাইয়ের খোঁজে ফরিদপুরের ভাঙ্গা থেকে কক্সবাজারে গিয়েছিলেন। ভাইকে পাননি।
বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার গিয়েছিলেন মানিকগঞ্জের সিঙ্গাইরের ফারুক ও জিলকদ। ফারুকের হাত দুটি পুড়েছে। জিলকদের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। জিলকদের বাবা জহিরুল ইসলাম কথা বলতে চাইছিলেন না কারও সঙ্গে। তাঁর প্রশ্ন, পোড়া সন্তানের সামনে বসে একজন বাবা কত বলতে পারেন?
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, গতকাল পর্যন্ত বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন ১১১ জন। এই মুহূর্তে ভর্তি আছেন ৬১ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্র আর এইচডিইউতে আছেন ১৫ জন।