বিদেশি অস্ত্রসহ একজন গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিদেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মাসুদ রানা (২৮)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে রায়ের বাজারের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২-এর একটি দল।
আজ বুধবার বিকেলে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আটক মাসুদ এলাকায় ল্যাংড়া মাসুদ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর রায়ের বাজার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মাসুদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার চন্দপাড়ায়। তিনি রায়ের বাজারের ছয় গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন। রায়ের বাজারের ওই বাড়িতে রাতে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে র্যাব-২-এর দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ মাসুদকে গ্রেপ্তার করা হয়। মাসুদের কাছ উদ্ধার হওয়া অস্ত্রের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির লোকজনকে ভয় দেখিয়ে অর্থ আদায় এবং চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত।
র্যাবের দাবি, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র রাখা ও অপহরণের অভিযোগে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন থানায় মাসুদের বিরুদ্ধে নয়টি মামলা হয়েছে।