বিদেশি বোতলে ভেজাল দেশি মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাপ্তান বাজারের বিসিসি রোডের ভেজাল মদ তৈরির একটি কারখানায় গতকাল বুধবার রাতে অভিযান চালায় র‍্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত
রাজধানীর কাপ্তান বাজারের বিসিসি রোডের ভেজাল মদ তৈরির একটি কারখানায় গতকাল বুধবার রাতে অভিযান চালায় র‍্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

চকচকে বিদেশি বোতল, কিন্তু ভেতরে ভরা হতো ভেজাল দেশি মদ। তিন বছর ধরে রাজধানীর কাপ্তান বাজারের একটি কারখানায় এভাবে বোতলজাত করে এসব মদ বিক্রি করা হতো গুলশান, বনানীসহ অভিজাত এলাকায় অবস্থিত হোটেল ও বারগুলোতে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে কাপ্তান বাজারের বিসিসি রোডের ভেজাল মদ তৈরির একটি কারখানায় অভিযান চালায় র‍্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। প্রায় দুই ঘণ্টার অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল মদ ও বিদেশি মদের পাঁচ হাজার খালি বোতল জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারখানার মালিক রাসেল গাজীকে তিন বছরের কারাদণ্ড এবং ভবনটির মালিক শাহ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, বিসিসি রোডের একটি চারতলা ভবনের তৃতীয় তলায় মদের কারখানাটি ছিল। এখানে হোমিওপ্যাথির তরল অ্যালকোহল দিয়ে ভেজাল মদ তৈরি করা হতো। মদ তৈরির বোতলগুলো বিদেশি। এগুলো বিভিন্ন বার থেকে একটি সংঘবদ্ধ চক্র সংগ্রহ করত। বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ভদকা, স্কচ, হুইস্কির মোড়ক ঢাকার ছাপাখানায় তৈরি করে মদের বোতলে যুক্ত করা হতো। পরে ভেজাল এসব মদ পাইকারি মূল্যে ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি করা হতো। এসব মদ আবার বারগুলোতে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়। বারগুলো থেকে আবার খালি বোতল সংগ্রহ করে ভেজাল মদ ভরা হতো। অভিযান শেষে ভেজাল মদ ফেলে দেওয়া হয়। এ ছাড়া খালি বোতলগুলো সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনে ধ্বংস করা হয়।