বিদেশি মুদ্রা ছিনতাইয়ের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি এক্সচেঞ্জের দুই কর্মীকে মারধর করে দেশি-বিদেশি মুদ্রা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মিরপুর থানায় একটি মামলা হয়েছে। গতকাল সোমবার সকালে মিরপুর-৬ নম্বর সেকশনের এ ব্লকে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। দুই ভাই ওয়াজেদুর রহমান ও আলমগীর হোসেন মুদ্রাগুলো নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় হামলার শিকার হন।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন বলেন, মিরপুর-১০ নম্বর এলাকায় ‘প্রাণ মানি এক্সচেঞ্জ’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ওই দুই ভাই। প্রতিষ্ঠানটির মালিক আবদুল ওয়াহাব বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। রোববার রাতে তাঁরা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে মিরপুর ৬ নম্বর সেকশনে আবদুল ওয়াহাবের বাসায় রাখেন। গতকাল সকাল সোয়া ১০টার দিকে তাঁরা একটি থলেতে মুদ্রাগুলো ভরে হেঁটে ব্যবসাপ্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। বাসা থেকে মাত্র ১০০ গজ দূরে যাওয়ার পরই দুটি মোটরসাইকেলে চার তরুণ তাঁদের গতি রোধ করে ব্যাগটি কেড়ে নেন।