বিদেশি মুদ্রাসহ ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। যা আড়াই লাখ টাকার সমপরিমাণ। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম স্টেশনসংলগ্ন বানিয়াটিলা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যবসায়ীর নাম জাফর আহমেদ। তাঁর গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার বরমা এলাকায়। তিনি চট্টগ্রাম স্টেশনসংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। সিগারেটের ব্যবসা আছে তাঁর।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ওই বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকেন জাফর আহমেদ। তাঁর বাসায় অভিযান চালিয়ে সৌদি আরব, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশের ২ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার সমপরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর বাসায় বেশ কিছু খালি ব্যাগ পাওয়া গেছে। এসব ব্যাগ স্বর্ণবার রাখার জন্য ব্যবহৃত হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক জাকির হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশি মুদ্রা রাখা দণ্ডনীয় অপরাধ। ব্যবসায়ী জাফর আহমেদ বিদেশি মুদ্রার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাঁর মুদ্রাগুলো জব্দ ও তাঁকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।