বিদেশি শিক্ষার্থীদের মারধরের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতালের বাংলাদেশি শিক্ষার্থীদের হাতে বিদেশি শিক্ষার্থীদের মারধরসহ হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ১৪ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

মামলায় বলা হয়, নাইটিঙ্গেল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের বাংলাদেশি ওই ১৪ জন শিক্ষার্থী বিদেশি শিক্ষার্থীদের কাছে মাসে ৩০০ টাকা করে চাঁদা দাবি করে আসছেন। না দেওয়ায় তাঁরা বিদেশি শিক্ষার্থীদের মারধর করতেন। নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতেন। প্রতিবাদ করায় গত সোমবার নেপালের নাগরিক রিতেশ সিংকে মারধর করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ঘটনার প্রতিবাদ করলে বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দেন অভিযুক্ত শিক্ষার্থীরা। তাঁরা নিজ নিজ দেশের দূতাবাসে গিয়ে অভিযোগ করেন। পরে দূতাবাসের হস্তক্ষেপে তাঁরা আশুলিয়া থানায় মামলা করেন। এর পরপরই পুলিশ শহিদুল ও শাওনকে গ্রেপ্তার করে।

থানার ওসি মহসিনুল কাদির বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ মেডিকেল কলেজে ভারত ও নেপালের শিক্ষার্থী রয়েছেন। দেশ দুটির দূতাবাস এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুল ওয়াহাব খান ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল হক গতকাল কলেজ পরিদর্শনে আসেন।

উপসচিব বলেন, ভারত ও নেপালের দূতাবাস বিষয়টির নিয়মিত খোঁজখবর নিচ্ছে। তাই প্রকৃত ঘটনা জানতে তাঁরা সরেজমিনে পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, ‘কলেজের অধ্যক্ষ ও শিক্ষকসহ কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। আমরা বাস্তব অবস্থা তুলে ধরব। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’