বিদেশি হত্যা ও বোমা বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্য এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া(বামে)। ছবি : সাজিদ হোসেন
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া(বামে)। ছবি : সাজিদ হোসেন

ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার ঘটনার সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অন্য ঘটনাগুলোর কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি পুলিশ। পুলিশ বলছে, সব ঘটনার উদ্দেশ্য এক, আর তা হচ্ছে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সরকারকে আন্তর্জাতিকভাবে চাপে রাখা।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানাপ্রাচীরের বাইরের ফুটপাতে সিজার তাবেলাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। হত্যার এ ঘটনার ২৭ দিন পর সন্দেহভাজন তিন খুনিসহ মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।
গত শুক্রবার পুরোনো ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলে বোমা হামলা করা হয়। এতে এক কিশোরের মৃত্যু হয়। আহত হয় অন্তত দেড় শতাধিক মানুষ। অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে ৩ অক্টোবর রংপুরে নিহত হন জাপানের নাগরিক কুনিও হোশি।
আছাদুজ্জামান মিয়া বলেন, তাজিয়া মিছিলে বোমা হামলা বা রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনার সঙ্গে ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার ঘটনার কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি পুলিশ। এসব ঘটনার উদ্দেশ্য এক। তিনি বলেন, বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি, সরকারকে আন্তর্জাতিকভাবে চাপে রাখা ও বহির্বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা দেওয়ার জন্যই এসব ঘটনা ঘটানো হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার ঘটনায় কোনো জঙ্গি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি পুলিশ। তিনি বলেন, বারবার বলা হচ্ছে এসব ঘটনার সঙ্গে আইএস-এর সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে দেখেছি, এটিকে মূলত ‘আইএস নাটক’ হিসেবে দেখানো হচ্ছে। আইএসের মতো সুসংগঠিত সংগঠন কেন গোপনে বারবার বাংলাদেশের ঘটনার দায় স্বীকার করবে? তারা কোনো ঘটনা ঘটালে প্রকাশ্য ঘোষণা দেবে। মূলত প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য আইএস নাটক সাজানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, খুব শিগগিরই আইএস নাটকের পেছনে যারা আছে, তাদের খুঁজে বের করা হবে। তিনি বলেন, যারা নির্বিচারে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তাদের সঙ্গে এসব ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক নেতাদের বক্তব্য ঘটনাগুলোর তদন্তে কোনো বাধা সৃষ্টি করবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা আমাদের মতো কাজ করছি। পুলিশ একটি সুসংহত বাহিনী। তাদের বক্তব্য আমাদের তদন্তে কোনো বাধা সৃষ্টি করবে না।’