বিদেশিদের অবৈধ প্রবেশ, দেশি জেলেরা কোণঠাসা
বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের জেলেরা জোর করে মাছ ধরে নিয়ে যাচ্ছে। দক্ষিণ উপকূলের জেলেদের অভিযোগ, বিদেশি জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে টনকে টনে মাছ লুট করছে। তারা এ দেশের জেলেদের মাছ ধরতেও বাধা দিচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত ১৫ থেকে ২২ অক্টোবর এই আট দিনে নৌবাহিনীর সদস্যরা সুন্দরবনের ফেয়ারওয়েবয়ার কাছাকাছি এলাকা থেকে অবৈধভাবে মাছ ধরার সময় আটটি ট্রলারসহ ৫৫ জন ভারতীয় ও ২০ জন শ্রীলঙ্কান জেলেকে আটক করে। এর আগে ২০১১ সালের শেষ দিকে পটুয়াখালীর কলাপাড়ায় ৭৯ জন ভারতীয় জেলে আটক হয়েছিল।
পাথরঘাটা উপজেলার মজিবর রহমান, সিদ্দিকুর রহমানসহ একাধিক জেলে জানান, অতীতে ভারতীয় জেলেরা বাংলাদেশি পতাকা ব্যবহার করে মাছ ধরত। এখন তারা প্রকাশ্যে সুন্দরবনের ফেয়াওয়েবয়া থেকে একেবারে পটুয়াখালীর সোনারচর পর্যন্ত এলাকায় ঢুকে মাছ ধরছে। বাংলাদেশি জেলেরা ওই সব এলাকায় মাছ ধরতে গেলে হ্যান্ডমাইকে তাঁদের সেখানে যেতে নিষেধ করা হয়।
জেলেরা আরও জানান, বাংলাদেশি জলসীমায় যেসব এলাকায় ইলিশের মূল বিচরণক্ষেত্র, সেখানে ভারতীয় জেলেদের তাণ্ডবে দেশীয় জেলেরা যেতে না পারায় লোকসানের মুখে পড়ছেন তাঁরা।
বাগেরহাটের শরণখোলা উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন জানান, অনুপ্রবেশের দায়ে এর আগে ভিনদেশি জেলেদের নামে মামলা হলেও নানা অজুহাতে তারা অল্প দিনের মধ্যেই কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে গেছে। কিন্তু ঝড়ের কবলে পড়ে বাংলাদেিশ জেলেরা ভারতের জলসীমায় ঢুকে পড়লে তাঁদের ফেরত না দিয়ে মামলা দায়ের ও বছরের পর বছর ভারতীয় কারাগারে বন্দী ও সাজা দেওয়ার নজির রয়েছে।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, মূলত যে এলাকাটি আমাদের মৎস্য আহরণ অঞ্চল হিসেবে পরিচিত, সেই এলাকাটিতে ভারতীয় জেলেদের আধিপত্যে আমাদের জেলেরা সেখানে যেতে পারেন না। মৎস্য বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যে অবস্থিত মৎস্যভান্ডার রক্ষার স্বার্থে ১৯৭৪ সালের ‘টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইমস আইন’ প্রণয়ন করা হয়। আন্তর্জাতিক স্বীকৃত নিয়মানুসারে সমুদ্রতীর থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত সবকিছুর অধিকার তটবর্তীদেশ সংরক্ষণ করে। সমুদ্রতীর থেকে মহিসোপানের ২০০ নটিক্যাল মাইল এলাকা সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক এলাকা হিসেবে বিবেচনা করা হয়।
বাগেরহাটের মংলায় অবস্থিত কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলীয় কমান্ডার মেহেদী মাসুদ গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘বিদেশি জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ড সজাগ রয়েছে। এ ছাড়া গভীর সাগরে নৌবাহিনীর জোরালো টহল রয়েছে। এরই মধ্যে বেশ কিছু বিদেশি জেলেকে আটক করা হয়েছে। উপদ্রব বেড়ে গেলে যৌথ অভিযান চালানো হবে।’