বিদেশিদের শুল্কমুক্ত গাড়ি কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

* উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানে কাজ করেছেন এমন ৩৯৫ জন বিদেশি নাগরিক চিহ্নিত*তালিকায় আছেন বিশ্বব্যাংক, ইউএনডিপি, এডিবি, জাইকা, ডিএফআইডিসহ ২৫ প্রতিষ্ঠানের কর্মকর্তা

বাংলাদেশে অবস্থান শেষে তাঁরা গাড়ি আর ফেরত নিয়ে যাননি। এমন গাড়ির সংখ্যা ৪০০-র মতো। এসব দামি গাড়ির বেশির ভাগই স্থানীয় বাংলাদেশিদের কাছে বিক্রি করে চলে গেছেন তাঁরা। এতে রাজস্ব হারিয়েছে সরকার।

শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করে, তা আর ফেরত দেননি—এমন ৩৯৫ জন বিদেশি নাগরিকের খোঁজ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাঁরা গত ১৫ বছরের মধ্যে বাংলাদেশে কাজ করেছেন। প্রায় তিন মাস ধরে বিশেষ অনুসন্ধান করে এনবিআরের একটি বিশেষ দল এ তথ্য পেয়েছে। শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারকারীদের তালিকায় বাংলাদেশে কার্যরত এসব উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানের প্রধান ও মুখ্য অর্থনীতিবিদসহ উচ্চপদস্থ সাবেক কর্মকর্তারা আছেন।

কূটনীতিকদের মতো এ দেশে কর্মরত বিভিন্ন দাতা সংস্থা ও উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানের বিদেশি কর্মীরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করতে পারেন। এ জন্য বিশেষ পাসবই দেয় এনবিআর। শর্ত হলো, নির্ধারিত মেয়াদে কাজ শেষ করে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় গাড়িটি সঙ্গে নিয়ে যেতে পারবেন কিংবা বিক্রি করতে পারবেন। তবে যিনি কিনবেন; তাঁকে পুরো শুল্ক-কর পরিশোধ করতে হবে। এ ছাড়া যে প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানেও ফেরত দিয়ে যেতে পারেন। ওই প্রতিষ্ঠান নিলামের মাধ্যমে গাড়িটি বিক্রি করবে। নিলামের ক্রেতাকেও পুরো শুল্ক-কর পরিশোধ করতে হবে।

সাধারণত এ দেশে চাকরি করতে এসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে আবেদন করে এনবিআরের কাছে প্রয়োজনীয় কিছু পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেতে পারেন একজন বিদেশি কর্মকর্তা। এ শুল্কমুক্ত সুবিধায় গাড়ি, সিগারেট, অ্যালকোহল, ওষুধ প্রভৃতি কিনতে পারেন। এ জন্য তাঁর নামে একটি পাসবই ইস্যু করে এনবিআর। গাড়ির ক্ষেত্রে বেশির ভাগ বিদেশি উচ্চমূল্যে জিপ কিনে থাকেন। এসব গাড়ির নম্বরপ্লেট হলুদ রঙের।

এনবিআরের প্রতিবেদন অনুযায়ী, শুল্কমুক্ত সুবিধার গাড়ির সবচেয়ে বেশি অপব্যবহার করেছেন বিশ্বব্যাংকের কর্মকর্তারা। এ প্রতিষ্ঠানটিতে কাজ করতে আসা ৫৩ জন বিদেশি কর্মকর্তা মেয়াদ শেষে চলে গেছেন। তাঁদের গাড়িগুলোর খোঁজ নেই। অনেকে গাড়ি বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে।

 বিশ্বব্যাংকের পরের স্থানে আছেন ইউএনডিপির কর্মকর্তারা। এ প্রতিষ্ঠানটির ৪৪ জন কর্মকর্তা এ সুযোগ নিয়েছেন। এরপর জাইকার অবস্থান। তালিকায় আছেন জাইকার ৪১ জন কর্মকর্তা।

সব মিলিয়ে ২৫টি উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এমন ৩৯৫ জন কর্মকর্তাকে এনবিআর চিহ্নিত করেছে। এর মধ্যে ইউনিসেফের ২৩ জন, ডিএফআইডির ১৮ জন, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ১৭ জন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১২ জন কর্মকর্তা আছেন। এ ছাড়া এ তালিকায় আরও যেসব উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা আছেন, এর মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি), ইউএসএআইডি, এডিবি, ইউএনএফপিএ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ড্যানিডা, কেয়ার, এশিয়া ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ফিশ, সিরডাপ ও কেয়ার।

এনবিআরের তালিকা অনুযায়ী, ২০০৮ থেকে ২০১২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিসনার। এ সময় শুল্কমুক্ত সুবিধায় ২৮৩৬ সিসির একটি মিতসুবিশি পাজেরো জিপ কিনে চলাচল করেন তিনি। এ গাড়িটির মূল্য প্রায় ১ কোটি টাকা। এতে তাঁর আমদানিমূল্যের ওপর নির্ধারিত ৫৯৬ শতাংশ শুল্ক-কর দিতে হয়নি। কিন্তু যাওয়ার সময় তিনি গাড়িটি আশিকুল হাসিব নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। গত ২৮ নভেম্বর এ গাড়িটি আটক করেছে এনবিআরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত স্টিফেন প্রিসনার উজবেকিস্তানের ইউএন মিশনের সমন্বয়ক হিসেবে কর্মরত আছেন।

২০১২ সালে বাংলাদেশে আসেন বিশ্বব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ক্রিস্টিনা কাইমস। মাঝে কিছুদিন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। এ সময় শুল্কমুক্ত সুবিধায় গাড়ি নেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর তাঁর পাসবইয়ের মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি পাসবই এনবিআরে জমা দেননি। তাঁর গাড়িটিরও খোঁজ নেই।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ সঞ্চয় কাঠুরিয়াও একই কাজ করেছেন। ২০১৪ সালে তিনি ফিরে যাওয়ার সময় শুল্কমুক্ত গাড়ির সুবিধার বিপরীতে ইস্যু করা পাসবই এনবিআরে জমা দেননি। বর্তমানে তিনি বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটনে দক্ষিণ এশিয়ার যোগাযোগ-বিষয়ক মুখ্য অর্থনীতিবিদ হিসেবে কাজ করছেন। ঢাকা কার্যালয়ের আরেক মুখ্য অর্থনীতিবিদ সালমান জাইদির বেলায় একই ঘটনা ঘটেছে। তিনি শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি ব্যবহার করে চলে গেছেন। গাড়িগুলোর কোনো খোঁজ নেই।

এ বিষয়ে বক্তব্য জানতে ৫ ডিসেম্বর বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হয়। পরে বিশ্বব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এনবিআর এ বিষয়ে এখনো যোগাযোগ করেনি, কোনো কাগজপত্রও পাঠায়নি। তাই কাগজপত্র না দেখে বিশ্বব্যাংক কোনো মন্তব্য করবে না।

ইউএনডিপি ঢাকা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেও গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ব্যক্তিরা চলে গেলেও ওই প্রতিষ্ঠানগুলো এ দেশে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের সুপারিশেই তাঁদের শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছিল। এখন এনবিআর এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তাঁদের সঙ্গে আলাপ করেই সমাধান করা হবে।

নজিবুর রহমান আরও বলেন, যাঁরা ওই সব বিদেশি নাগরিকের কাছ থেকে গাড়ি কিনেছেন, তাঁদের খুঁজে বের করা হবে। কিংবা তাঁরা এনবিআরের সঙ্গে যোগাযোগ করে শুল্ক-কর পরিশোধ করতে পারেন। তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 এনবিআর সূত্রে জানা গেছে, শিগগিরই এনবিআর আনুষ্ঠানিকভাবে এসব প্রতিষ্ঠানের কাছে কারণ দর্শাও নোটিশ জারি করবে। এ ছাড়া একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দিয়ে গাড়িগুলোর নিলাম করে বিক্রি করে শুল্ক-কর জমা দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে এনবিআর।