বিদেশিসহ তাবলিগ জামাতের ১১ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় তাবলিগ জামাতের ১১ সদস্যকে চেতনানাশক মিশ্রিত জুস খাইয়ে অজ্ঞান করে তাঁদের মালামাল লুট করা হয়েছে। তাঁদের মধ্যে ৮ জনই বিদেশি। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তাবলিগ জামাতের ওই ১১ সদস্য হলেন ইন্দোনেশিয়ার নাগরিক লুৎফি, মুখলেছ, আহামেদ সালেহ, মো. সুসলিম, আবু সালেহ, মাছ বাকি হাবিবি, থাইল্যান্ডের আবু আওয়াল আলে, শাহরুন এবং বাংলাদেশের খুলনার হাফিজুর রহমান (৩২), নেত্রকোনার মো. ইলিয়াছ (২৮) ও বরিশালের আহসান আল হাবিব।
তাবলিগ জামাতের সাথি আখাউড়া উপজেলার বিল্লাল হোসেন জানান, ১২ মে ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের এই দলটি আখাউড়া উপজেলায় আসে। এ সময় সেখান থেকে বিদেশিদের সহায়তার জন্য দোভাষী হিসেবে আসেন ফরিদপুরের নগরকান্দার বাসিন্দা হাসান। প্রথমে দলটি আখাউড়া পৌর শহরের দেবগ্রাম কেন্দ্রীয় মসজিদে অবস্থান করে। সেখান থেকে তাঁরা রোববার সেনারবাদী জামে মসজিদে আসে। মঙ্গলবার রাতে হাসান তাঁদের সবাইকে জুস খেতে দেন। এরপর সবাই অজ্ঞান হয়ে পড়েন। পরে ওই তরুণ তাবলিগ জামাতের সদস্যদের ১১টি মুঠোফোন, টাকা ও অন্যান্য জিনিস নিয়ে পালিয়ে যান। ভোরে মুসল্লিরা নামাজের জন্য ডাকতে গেলে তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম বলেন, তাঁদের জুসের সঙ্গে কেউ চেতনানাশক ওষুধ মিশিয়েছিল। তাঁদের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, ঘটনার খবর পেয়ে ওই মসজিদ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। হাসানকে ধরার চেষ্টা চলছে।