বিদেশে আটকে দেশে মুক্তিপণ আদায়কারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল কুদ্দুস (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫) নামে দুজনকে আটক করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ফারুক শেখ (৪৮) নামের এক ব্যক্তি র্যাব-৩-এর কাছে অভিযোগ করেন যে তাঁর ছেলে নাসিরকে ৭০ হাজার টাকা মাসিক বেতনে ইরাকে পাঠানোর জন্য ইউসুফ নামের একজনের সঙ্গে সাড়ে চার লাখ টাকায় চুক্তি হয়েছে। ফারুক শেখ চুক্তি অনুযায়ী ইউসুফকে নগদ সাড়ে চার লাখ টাকা দেন। পরে ইউসুফ, কুদ্দুস ও জাহিদ মিলে তাঁর ছেলে নাসিরকে ইরাকে লিলু মিয়া নামের এক ব্যক্তির কাছে পাঠান। ইরাকে পৌঁছার পর নাসিরকে নিজের হেফাজতে নেন লিলু মিয়া। এরপর নাসিরকে একটি কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর মুক্তির জন্য আরও চার লাখ টাকা দাবি করেন লিলু মিয়া। সেই টাকা দেওয়ার কথা বলে গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় আসেন ফারুক শেখ। র্যাবের সদস্যরা আগে থেকেই ফারুক শেখের আশপাশে অবস্থান করছিলেন। লিলু মিয়ার হয়ে ফারুক শেখের কাছ থেকে টাকা নিতে এলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশ থেকে আবদুল কুদ্দুস ও জাহিদুল ইসলামকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নাসির ইরাকে লিলু মিয়ার হাতে আটক আছেন।