বিদেশে কর্মী পাঠাতে বাড়তি টাকা নেওয়ায় তিন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে জনশক্তি রপ্তানিকারক তিনটি প্রতিষ্ঠানের ব্যবসা করার সনদ বাতিল করেছে সরকার। গতকাল রোববার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই সিদ্ধান্ত নেয়।
বিএমইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত খরচের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যারিয়ট ইন্টারন্যাশনাল (আরএল-৪৩৩), রাকিব এয়ার ইন্টারন্যাশনাল (আরএল-৮৬৫) ও মেসার্স শাহীন ম্যানপাওয়ার প্রমোশনের (আরএল-৭১৯) লাইসেন্স বাতিল করা হয়েছে। এই তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কাউকে আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হয়েছে।
বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা প্রথম আলোকে বলেন, সৌদি আরবে বাংলাদেশি পুরুষ কর্মী পাঠানোর জন্য সরকার ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও যদি কারও বিরুদ্ধে অতিরিক্ত টাকা পাঠানোর অভিযোগ প্রমাণিত হয় তাঁদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। যাঁরা সৌদি আরবে যাচ্ছেন, তাঁদেরও অনুরোধ কেউ যেন এর বেশি টাকা না দেন।
সৌদি আরবে কর্মী পাঠানো নিয়ে এ বছরের ১৭ অক্টোবর প্রথম আলোয় ‘খরচ দেখানো হয় ১৭ হাজার টাকা, দিতে হয় ১২ লাখ টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তাতে মধ্যস্বত্বভোগীদের কারণে এ ক্ষেত্রে কীভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, সেটি তুলে ধরা হয়। সৌদি আরবগামী কর্মীরা বলছেন, এখনো অনেক ব্যবসায়ী ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত নিচ্ছেন।