বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বিদেশে চাকরির কথা বলে প্রতারণা করে টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাবা শাহজাহান আলীকে গত বুধবার আটক করেছে। 
লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাদাই গ্রামের শাহজাহান আলীর ছেলে জিয়াউর প্রায় তিন বছর ধরে ওমানে চাকরি করেন। সেখানে চাকরি দেওয়ার কথা বলে শাহজাহান (৪৮) ও তাঁর আরেক ছেলে জিহাদ আলম (৩০) একই এলাকার সরুগ্রামের বরকত আলীর ছেলে শহিদুল ইসলাম, জয়নাল আবেদীনের ছেলে শাহীন আলম ও তফিজ উদ্দিনের ছেলে জুয়েল রানার কাছ থেকে সাড়ে তিন লাখ করে টাকা নেন। তাঁরা গত ৪ এপ্রিল ওই তিন তরুণকে ওমানে জিয়াউরের কাছে পাঠিয়ে দেন। কিন্তু জিয়াউর তাঁদের চাকরি না দিয়ে ১৫ এপ্রিল দেশে ফেরত পাঠান।
বিদেশে পাঠানোর নামে প্রতারণার বিষয়ে ২ মে সকালে শরুগ্রাম, কাদাই ও নিত্তিপতাসহ তিনটি গ্রামের মাতব্বরেরা শাহজাহানের বাড়িতে সালিস বৈঠক করেন। বৈঠাকে শাহজাহান ও তাঁর ছেলেকে টাকা ফেরত দিতে বলা হয়। কিন্তু তাঁরা সালিসের সিদ্ধান্ত মানেননি। পরে ক্ষতিগ্রস্তরা গত বুধবার রাতে ধুনট থানায় শাহজাহান ও তাঁর ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগে পুলিশ গতকাল শাহজাহানকে তাঁর বাড়ি থেকে আটক করে।
সালিসে উপস্থিত জুলফিকার আলী নামের এক মাতব্বর বলেন, সালিসে শাহজাহান ও তাঁর ছেলে জিহাদ আলমকে দোষী সাব্যস্ত করে টাকা ফেরত দিতে বলা হয়েছে।
তবে ধুনট থানায় আটক শাহজাহান আলী বলেন, ‘তিনজনকে বৈধপথেই বিদেশ পাঠনো হয়েছিল। কিন্তু তাঁরা সেখানে কাজ না করায় টাকা খরচ করে আবার দেশে আনা হয়েছে। মাতব্বরেরা একতরফা আমাদের দোষী সাব্যস্ত করেছেন।’