বিদেশে পাঠানোর কথা বলে কিশোরীকে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পাঠানোর কথা বলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক কিশোরীকে (১৭) সম্প্রতি টাঙ্গাইলের যৌনপল্লিতে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রায় দুই সপ্তাহ পর গত মঙ্গলবার স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় সে পালিয়ে বাড়ি এসেছে।
ওই কিশোরী বলে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উজানচর ইউনিয়নের নলিয়াপাড়া এলাকার কাজল প্রামাণিক (৪৫) মরিশাস পাঠানোর কথা বলে পরিবারের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে তাকে ঢাকার গাবতলিতে প্রশিক্ষণকেন্দ্রে ভর্তি করে। দুই সপ্তাহ আগে কাজল সেখানে দেখা করে শরীর দুর্বলের কথা বলে তাকে ওষুধ কিনে সেবন করান। কিছুক্ষণ পর সে সংজ্ঞা হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে এক নারী তাকে বলেন, এটা টাঙ্গাইলের যৌনপল্লি। তাকে বিক্রি করা হয়েছে।
কিশোরীর মা জানান, এরপর থেকে তাঁর মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। থাকতে না পেরে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মঙ্গলবার ভোরে সে পালিয়ে আসে। কাজল বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে সমঝোতার প্রস্তাব দেন। শুক্রবার কাজলের বড় ভাই ও এলাকার মাতব্বর নুরুউদ্দিন প্রামাণিক ৪০ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার কথা জানান। কাজলেরা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না। এমনকি তাঁরা পুলিশকেও জানাতে পারছেন না।
কাজল প্রামাণিক বলেন, ‘বিদেশে পাঠাতে ওই কিশোরীকে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। কিছুদিন পর সে কাউকে না জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। শুনেছি তাকে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছিল। এর সঙ্গে কারা জড়িত জানি না, অহেতুক আমাকে জড়ানো হচ্ছে। এলাকার হালিম নামের এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাঁর মাধ্যমেই সে ফিরে আসে।’
আবদুল হালিম বলেন, ‘ওই কিশোরীকে কারা যৌনপল্লিতে বিক্রি করেছে জানা নেই। তবে মাঝেমধ্যে পরিবারকে খবর দিতে সে আমাকে ফোন করত। তার ফোন পেয়েই মঙ্গলবার বিকেলে ঢাকার নবীনগর থেকে বাড়ি নিয়ে আসি। এর আগে কোথায় ছিল বলতে পারব না।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, কিশোরীটি যেহেতু ঢাকার প্রশিক্ষণকেন্দ্র থেকে নিখোঁজ হয় এবং টাঙ্গাইলের যৌনপল্লি থেকে পালিয়ে বাড়ি আসে, তাই ঢাকা বা টাঙ্গাইলেই মামলা করতে হবে। চাইলে তাকে সব ধরনের আইনগত সহযোগিতা দেওয়া হবে।