বিদেশে পাঠানোর কথা বলে কোটি টাকা আত্মসাৎ
দুই বছর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নাসির উদ্দিন তাঁর ছেলেকে বিদেশে পাঠাতে মিডল ইস্ট এয়ারওয়েজ রিক্রুটিং এজেন্টকে সাড়ে তিন লাখ টাকা দেন। তবে তাঁর ছেলে বিদেশে যেতে পারেননি, টাকাও ফেরত পাননি। তাঁর অভিযোগ, ভুয়া ভিসা ও টিকিট দিয়ে টাকা আত্মসাৎ করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোস্তাক আহমেদ।
শুধু নাসির উদ্দিন নন, বিদেশে পাঠানোর কথা বলে মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং ঢাকার ধামরাই উপজেলার অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে মোস্তাক আহমেদ এক কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে তেজগাঁও থানা এবং মানিকগঞ্জ ও ঢাকার বিচারিক হাকিমের আদালতে একাধিক মামলা করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা।
নবাবগঞ্জের দত্তখণ্ড গ্রামের নাসির উদ্দিন বলেন, ‘ছেলেরে বিদেশে পাঠাইবার লেইগ্যা ধারদেনা কইরে ট্যাকাগুলা দিছিলাম। এখন একূল আর ওকূল—দুই কূলই গেল! বিদেশেও যাইতে পারল না, পড়ালেখা থেকেও বাদ পড়ল। এহন ট্যাকা চাইলে সে (মোস্তাক) হুমকি-ধমকি দেয়। ঋণের ট্যাকার জন্য দেনাদারের চাপ বাড়ছে।’
ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোস্তাক আহমেদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাসেমপুর গ্রামে। তিনি ২০১৩ সালে উপজেলা সদরে পল্লী বিদ্যুৎ ভবনের দ্বিতীয় তলায় মিডল ইস্ট এয়ারওয়েজ রিক্রুটিং এজেন্ট কার্যালয় খোলেন। বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ কানাডা ও মালয়েশিয়ায় লোক পাঠানোর প্রচারণা চালানো হয়। ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের ১৫ জনের কাছ থেকে ৫০ লাখ ১২ হাজার টাকা নেন। সাত-আট মাস আগে কার্যালয়টি বন্ধ করে তিনি এলাকা ছেড়ে যান।
গত শনিবার কাফাটিয়া গ্রামে গেলে বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা হয়। রজ্জব আলী বলেন, ‘রিকশা বেইচ্যা, এনজিও থেইক্যা সুদে টাকা নিয়া দুই বছর আগে ২ লাখ ৬০ হাজার ট্যাকা দিছি। এহনো ওমানে পাঠাইবার পারে নাই। দেনার ট্যাকা দেওয়া তো দূরের কথা, বউ-পোলাপানের খাওনদাওন নিয়া কষ্টে আছি।’
গ্রামের খোরশেদ আলম (৩২) বলেন, দুই বছর আগে কানাডা যাওয়ার জন্য তিনি আট লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু মোস্তাক তাঁকে জাল ভিসা দেন। বিষয়টি জেনে তিনি টাকা ফেরত চান। কিন্তু মোস্তাক এখনো সেই টাকা দেননি। উল্টো মামলার ভয় দেখান।
মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, ২০০৮ সালে ঢাকার তেজগাঁও থানার এয়ারপোর্ট রোডে লায়ন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মোস্তাকের রিক্রুটিং এজেন্সির কার্যালয় ছিল। ওই বছরের ডিসেম্বরে ওই কার্যালয়ে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ধানকী মহেড়া গ্রামের আমিনুর রহমানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকার ২২ জন ব্যক্তির কাছ থেকে মোস্তাক ৩৪ লাখ টাকা নেন। তাঁদের মধ্যে সাতজনকে দুবাই পাঠান। এর মধ্যে জাল ভিসার কারণে দুবাই বিমানবন্দর থেকে দুজন দেশে ফিরে আসেন। এ ঘটনায় ওই বছরের ২৪ নভেম্বর আমিনুর নামের এক ব্যক্তি বাদী হয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে চলমান আছে।
২০১১ সালে মালয়েশিয়া পাঠানোর কথা বলে সিঙ্গাইরের বায়রা এলাকা থেকে পাঁচজনের কাছ থেকে ২ লাখ করে ১০ লাখ টাকা নেন। ওই পাঁচজনের মধ্যে আমজাদ হোসেন মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। ২০১৪ সালে কুয়েতে পাঠানোর জন্য মানিকগঞ্জ সদরের বারাহির চর গ্রামের আবদুস সাত্তারের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা, ২০১৫ সালে ইরাকে পাঠানোর জন্য জেলা সদরের জয়নগর গ্রামের কয়াদ আলীর কাছ থেকে ৪ লাখ টাকা এবং ঢাকার নবাবগঞ্জের দত্তখণ্ড গ্রামের শাহিনুর ইসলামের কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার নেন মোস্তাক। তাঁরা সবাই অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মোস্তাকের বিরুদ্ধে বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মোস্তাক আহমেদ নিজেকে সাংবাদিক পরিচয় দেন। তিনি দাবি করেন, ‘কাফাটিয়া গ্রামের সাত-আটজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তাদের টাকা ফেরত দেব। অন্য কেউ টাকাপয়সা দেয়নি। তারা হয়রানির জন্য মামলা করেছে।’
ঘিওর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, প্রায় দুই বছর আগে এক ব্যক্তি মোস্তাকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এ বিষয়ে দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয়েছিল। কিন্তু পরে তাঁরা আর কেউ আসেননি। ভুক্তভোগী ব্যক্তিরা থানায় অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।