বিদেশে পাঠানোর কথা বলে ১৫ লাখ টাকা আত্মসাৎ
ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নামে মানিকগঞ্জের চার ব্যক্তির কাছ থেকে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যক্তিরা সর্বস্ব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন বিপাকে পড়েছেন।
প্রতারণার শিকার ওই চার ব্যক্তি হলেন সদর উপজেলার ভাটবাউর গ্রামের আমজাদ হোসেন ও তাঁর বড় ভাই আলতাফ হোসেন, একই গ্রামের মো. আরজু এবং সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের মজিবর রহমান।
এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও কোনো সুরাহা হয়নি। পরে পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগীরা সম্প্রতি সদর উপজেলার ভাটবাউর গ্রামের শাহনাজ পারভীন ও তাঁর স্বামী আবদুল আজিজের বিরুদ্ধে মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।
মামলার আরজি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভালো বেতনের চাকরি ও সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে দক্ষিণ আফ্রিকা পাঠানোর কথা বলে শাহনাজ ও তাঁর স্বামী আজিজ ওই চারজনের কাছ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত কয়েক কিস্তিতে ১৫ লাখ টাকা নেন। এর মধ্যে আমজাদ ও তাঁর ভাই আলতাফের কাছ থেকে সাড়ে ৩ লাখ করে এবং আরজু ও মজিবরের কাছ থেকে ৪ লাখ টাকা করে নেন। দক্ষিণ আফ্রিকা যাওয়ার পর তাঁদের প্রত্যেককে আরও ৮ লাখ করে টাকা দেওয়া লাগবে বলে জানান শাহনাজ ও আজিজ। দুই ভাইয়ের বাকি ১ লাখ টাকা ভিসা পাওয়ার পর দেওয়ার কথা থাকলেও তাঁদের আগেই ভিসা দেওয়া হয়। পরে তাঁরা পরীক্ষা করে দেখেন সেটি জাল (নকল) ভিসা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীরা তাঁদের টাকা ফেরত চান। এর পর থেকে স্বামী-স্ত্রী তাঁদের বিদেশে পাঠানোর কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসও হয়।
আমজাদ ও আলতাফ বলেন, বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি ও বন্ধক রেখে এবং এনজিও থেকে সুদে টাকা নিয়ে তাঁরা দুই ভাই ৭ লাখ টাকা দিয়েছেন। এখন সুদের টাকা পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। স্ত্রী-সন্তানদের নিয়ে সংসারের খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে।
আরজু ও মজিবর বলেন, বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের বিষয়ে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। সুরাহা না হওয়ায় তাঁরা আদালতে মামলা করেছেন।
টাকা নেওয়ার বিষয় অস্বীকার করে শাহানাজ পারভীন গত বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘তাঁরা (ভুক্তভোগী চার ব্যক্তি) আমাকে কোনো টাকাপয়সা দেননি। কুমিল্লার মহালক্ষ্মীপাড়া গ্রামের সারোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে টাকাগুলো দিয়েছেন। অথচ তাঁরা আমাকে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছেন।’ তিনি দাবি করেন, পূর্বপরিচিত সারোয়ার তাঁকেও বিদেশে পাঠানোর কথা বলে তাঁর কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছেন। তিনিও প্রতারণার শিকার হয়ে আদালতে মামলা করেছেন। তাঁর স্বামী আবদুল আজিজও অভিযোগ অস্বীকার করে বলেন, টাকাগুলো সারোয়ার নিয়েছেন।
তবে দীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য মাসুদ রানা বলেন, গত ২ অক্টোবর গ্রাম্য সালিসে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শাহনাজ ও আজিজ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই সালিসে তিনি উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী আতোয়ার হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন।