বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার দক্ষিণ শালজানা গ্রামের আদম ব্যবসায়ী তাহের আলী বিদেশে পাঠানোর কথা বলে ভাতিজি জামাইয়ের কাছ থেকে প্রায় নয় মাস আগে টাকা নেন। তবে ভাতিজি জামাই মিন্টু মিয়াকে বিদেশেও পাঠাননি, টাকাগুলোও ফেরত দেননি। আর এর শিকার হতে হচ্ছে ভাতিজি শিল্পী আক্তারকে নির্যাতনের। এমনকি সংসার ভাঙার উপক্রম হয়েছে।
শুধু ভাতিজি জামাইয়ের সঙ্গে নয়, তাহের আরও বেশ কয়েকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিসও হয়েছে। এ ব্যাপারে গত বুধবার শিল্পীর বাবা শামসুল হক সৎভাই তাহের আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
মিন্টু মিয়া বলেন, জমি বন্ধক রেখে, সুদে টাকা ঋণ করে ও আত্মীয়স্বজনের কাছ থেকে দেনা করে তিনি টাকাগুলো দিয়েছেন। কিন্তু এখন বিদেশেও পাঠাচ্ছেন না, টাকাও ফেরত দিচ্ছেন না। টাকা ফেরত চাইলে কালক্ষেপণ করতে থাকেন। এখন টাকা চাইলে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন।
শামসুল হক বলেন, তাঁর সৎভাই আদম ব্যবসায়ী তাহের বর্তমানে নাইজেরিয়ায় আছেন। তিনি স্ত্রী আলেয়াকে দিয়ে বিদেশে পাঠানোর কথা বলে আশপাশের সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন। তাঁর মেয়ের জামাইয়ের টাকা ফেরত পেতে গ্রামে বেশ কয়েকবার সালিসও হয়েছে তবে টাকা ফেরত দেননি। তিনি বলেন, বিদেশে পাঠানোর ওই টাকার জন্য জামাই মেয়েকে মাঝেমধ্যে মারধর করে। টাকা না দিলে মেয়েকে তালাক দেবে বলে হুমকি দিয়েছে।
এ ব্যাপারে মিন্টু মিয়া বলেন, ‘পাওনাদারেরা টাকা চাইলে অসহ্য হয়ে স্ত্রীর সঙ্গে রাগারাগি করি। কারও চাচা শ্বশুর টাকা মেরে খেলে সে কী স্ত্রীকে আদর করবেন?’
খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে মানিকগঞ্জ ছাড়াও পাশের ফরিদপুরের বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন তাহের। হরিরামপুর উপজেলার আন্দারমানিক গ্রামের বাহের উদ্দিনের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ছেলে শাহিনুর ইসলামকে ওমান পাঠানো হয়।
বাহের উদ্দিন বলেন, ছয় মাস আগে তাহের ও তাঁর স্ত্রী আলেয়ার প্রলোভনে ধারদেনা ও ঋণ করে ছেলে শাহিনুরকে বিদেশ পাঠানো হয়। কিন্তু চার মাস পার হলেও ছেলেকে কোনো কাজ দেওয়া হয়নি। এরপর দুই মাস আগে কাজ দেওয়ার কথা বলে আলেয়াকে আরও ৯০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু এখনো ছেলে কোনো কাজ পায়নি। এখন দেনার টাকার জন্য পাওনাদারেরা চাপ দিচ্ছেন।
তাহের আলী দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গতকাল বিকেলে তাঁর স্ত্রী আলেয়া বেগমের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তিকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’