বিদেশে পাঠানোর কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাৎ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদেশে পাঠানোর কথা বলে এক প্রবাসীর পরিবারের সদস্যরা সাতজনের কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত দেড় বছর পরেও টাকা বুঝে পাচ্ছেন না ভুক্তভোগীরা।
অভিযুক্ত আকবর আলীর বাড়ি মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুখনগরী গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন বলেন, তাঁর দুই ছেলে বিদেশে থাকেন। আর ছোট ছেলে পুলিশে চাকরি করছেন। এ ঘটনায় আকবরের পুত্রবধূও জড়িত।
ভুক্তভোগীরা বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে লেবাননে পাঠানোর কথা বলে আকবর আলী ও তাঁর ছেলে লেবাননপ্রবাসী হারুনুর রশিদের স্ত্রী আকলিমা বেগম সাত ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ ৪০ হাজার টাকা নেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে তাঁদের লেবাননে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা টালবাহানা করে তাঁরা বিদেশে যাওয়া বারবার পেছাতে থাকেন। ভুক্তভোগীরা তাঁদের কাছে টাকার জন্য চাপ দিলে তাঁরা বাড়ি থেকে চলে যান।
ভুক্তভোগীদের মধ্যে বীর নাদাগাড়ি গ্রামের রাফিকুল ইসলাম ৫ লাখ ৫০ হাজার; সুখনগরী গ্রামের আয়নাল হক ২ লাখ টাকা ও ফকির আলী ৪ লাখ ৮০ হাজার; চরনাদাগাড়ি গ্রামের নেয়াকত আলী ৪ লাখ ৬০ হাজার; ইসলামপুর উপজেলার কাটমা গ্রামের মোশারফ হোসেন ৪ লাখ ৫০ হাজার, ফজল মিয়া ৪ লাখ ৫০ হাজার ও আজগর আলী ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়েছেন।
নেয়াকত আলী বলেন, ২০১৫ সালে লেবাননে নেওয়ার কথা বলে আকবর তাঁর কাছ থেকে টাকা নেন। কিন্তু তিনি গত দেড় বছরে কোনো লোকজনকে বিদেশে নিতে পারেননি। এরপর তিনি হঠাৎ লাপাত্তা হয়ে যান। তাঁর ছেলেও এখন আগের নম্বর পরিবর্তন করে ফেলেছেন।
আকবর আলী পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আকবরের পুত্রবধূ আকলিমা বেগম মুঠোফোনে বলেন, তাঁরা কয়েকজন ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা করে নিয়েছেন। মাদারগঞ্জ পৌর শহরের এক ব্যক্তি তাঁর স্বামী হারুনুর রশিদকে লেবাননে নিয়ে গেছেন। ওই ব্যক্তিই তাঁর শ্বশুর আকবর ও তাঁকে দিয়ে টাকাগুলো তোলান। পরে সব টাকা নিয়ে তিনি আত্মগোপন করেছেন।
রাফিকুল ইসলাম বলেন, তাঁর অল্প কিছু জমি ছিল। সেটা বিক্রি করে আকবর ও তাঁর পুত্রবধূকে লেবাননে যাওয়ার জন্য টাকা দেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে যাওয়ার কথা ছিল। সেই মাসে তাঁর কাছ থেকে আরও ১৬ শতাংশ জমি লিখে নেন তাঁরা। এরপর থেকে তাঁরা লাপাত্তা হয়ে যান। সবকিছু হারিয়ে এখন অনেক কষ্টে আছেন। তিনি অভিযোগ করে বলেন, টাকা ফেরতের জন্য আকবর আলীর বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। কয়েক দিন তাঁর স্ত্রী হনুফা বেগমকে পেয়েছিলেন। টাকার কথা বললেই তিনি (হনুফা বেগম) নারী নির্যাতন ও ডাকাতির মামলা দেওয়ার হুমকি দেন। এরপর থেকে বাড়িতেও যাননি।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। তবে কোনো ভুক্তভোগী লিখিত বা মৌখিকভাবেও অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।