বিদেশে পাঠানোর নামে আটকে ধর্ষণ, তিনজনের বিরুদ্ধে মামলা
মালয়েশিয়ায় চাকরি দেওয়ার নামে বাড়ি থেকে নিয়ে গিয়ে ঢাকার একটি বাড়িতে আটকে রেখে এক নারীকে ১২ দিন ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে গত ৩১ মার্চ সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দেওয়ার চার দিন পর গত মঙ্গলবার অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা গ্রহণ করেছে পুলিশ। পাশাপাশি ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের গাংনিয়া কাহারপাড়ার নুর ইসলাম গাজী ও আবু বক্কর গাজী এবং ঢাকার হাসানুর রহমানকে।
দুই সন্তানের জননী ওই নারী (২৫) জানান, আট বছর আগে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের চুপড়িয়া গ্রামে তাঁর বিয়ে হয়। দুটি সন্তান হওয়ার পর তাঁর স্বামী তাঁকে বাপের বাড়িতে রেখে ঢাকায় চলে যান। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ না থাকায় মায়ের বাড়িতে থেকে তিনি দিনমজুর খেটে দুটি সন্তানের ভরণপোষণ চালান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ওই নারীর পূর্বপরিচিত গাংনিয়া কাহারপাড়ার নুর ইসলাম গাজী তাঁকে সরকারি খরচে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার সুযোগের কথা বলেন। সে অনুযায়ী নুর ইসলামের পরিচিত গাংনিয়া গ্রামের আবু বক্কর গাজী তাঁকে বাড়ি থেকে ঢাকায় নেওয়ার জন্য ১৮ মার্চ সন্ধ্যায় সাতক্ষীরা নিয়ে আসেন। পরে সাতক্ষীরা শহরে আগে থেকে অবস্থানরত নুর ইসলাম ওই রাতে তাঁকে একটি পরিবহনযোগে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে যান। সেখান থেকে তাঁকে গাবতলী এলাকার হাসানুর রহমানের মালিকানাধীন পাঁচতলা বাড়িতে নেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, ওই পাঁচতলা ভবনের একটি ঘরে তাঁকে আটকে রেখে পরপর তিন দিন ধর্ষণ করেন নুর ইসলাম। তারপর তাঁকে এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে নুর ইসলাম সাতক্ষীরায় চলে আসেন। এরপর অজ্ঞাতপরিচয়ের চার-পাঁচজন তাঁকে ধর্ষণ করেন। দিনের বেলায় তাঁকে ঘরে তালাবদ্ধ অবস্থায় রাখা হতো। দিনে দুবার ডালভাত খেতে দেওয়া হতো। একপর্যায়ে ৩০ মার্চ রাত সাড়ে আটটার দিকে তিনি ওই বাড়ির এক দারোয়ানের সহযোগিতায় রিকশায় গাবতলী চলে আসেন। সেখান থেকে একটি পরিবহনযোগে তিনি পরদিন ৩১ মার্চ সকালে বাড়ি ফেরেন।
নুর ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা বাবুর আলী বলেন, তাঁর ছেলে বাড়িতে থাকে না।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, নির্যাতিত ওই নারীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করেছে।