বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে এলাকাছাড়া
নওগাঁর মহাদেবপুরে বিদেশে যাওয়ার জন্য জোয়ান ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানকে টাকা দিয়ে বিপাকে পড়েছেন কয়েক শ মানুষ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসুদ রানা এলাকায় নেই, প্রতিষ্ঠানের কার্যালয়ও বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জোয়ান ফাউন্ডেশন বিদেশে কর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিত। প্রশিক্ষণ পাওয়া লোকজনকে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে টাকা নেন মাসুদ রানা। কিন্তু গত অক্টোবর থেকে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ। এ অবস্থায় কয়েকজন লোক মহাদেবপুর থানায় জিডি করেছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ১৯ ব্যক্তি।
অভিযোগের সূত্র ধরে জানা যায়, উপজেলা সদরের চকহরিবল্লভ এলাকার বাসিন্দা মাসুদ রানা বাড়ির কাছেই জোয়ান ফাউন্ডেশনের কার্যালয় স্থাপন করেন। ২০১২ সালে এই প্রতিষ্ঠানের অধীনে জোয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিদেশে যাওয়ার জন্য জমিজমা বিক্রি করে টাকা তুলে দেন মাসুদের হাতে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে এনায়েতপুর ইউনিয়নের ১৯ ব্যক্তি মোট ২৭ লাখ ৮৫ হাজার টাকা দেন মাসুদ রানাকে। এই লেনদেনের কোনো লিখিত প্রমাণ রাখেননি তাঁরা।
গত সোমবার মাসুদ রানার বাড়িতে গিয়ে শুধু তাঁর এক ভাতিজাকে (১৫) পাওয়া যায়। সে জানায়, তার চাচা ঢাকায়। আর বাড়ির অন্য সদস্যরা বাড়ির বাইরে আছেন। বাড়িসংলগ্ন জোয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কার্যালয়ও তালাবদ্ধ দেখা যায়।
এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের আবু হাসান (৩৬) বলেন, ‘আমার শেষ সম্বল এক বিঘা জমি বিক্রি করে দুই বছর আগে মালয়েশিয়ায় যাওয়ার জন্য দুই লাখ টাকা দিয়েছিলাম মাসুদকে। শিগগিরই টিকিট হয়ে যাবে বলে আমাকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু দুই বছর হতে চলল। এখনো ভিসা, টিকিট কোনোটাই পাইনি। এক মাস ধরে এলাকাতেই নেই মাসুদ।’ তিনি আরও বলেন, এনায়েতপুর ইউনিয়নে তাঁর জানামতে অন্তত ৪০ জন মানুষ মাসুদকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছেন। তবে অভিযোগ দেওয়া ১৯ জন ড্রাইভিংয়ের প্রশিক্ষণ নেন। তাই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। তাঁরা সবাই মালয়েশিয়ায় যাওয়ার জন্য টাকা দেন। তবে অন্য প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের মধ্যে কাতার, দুবাই যেতে আগ্রহী মানুষই বেশি বলে আবু হাসান জানান।
আরেক ভুক্তভোগী বিলমোহাম্মদপুর গ্রামের শামীম আলী আকন্দ বলেন, ‘দুই বছর আগে মালয়েশিয়ায় যাওয়ার জন্য মাসুদের সঙ্গে যোগাযোগ করলে ৩ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে বলে জানান। তখন তাঁকে জমি বিক্রি করে ১ লাখ ৪০ হাজার টাকা দিই। বাকি টাকা বিদেশে যাওয়ার আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে দেবেন বলে মাসুদ আমাকে আশ্বাস দেন। তিন মাসেই পাসপোর্ট, ভিসা হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি। এখন তিনি এলাকা থেকেই উধাও। মাঝে মাঝে ফোন ধরলে বলেন, “চিন্তার কিছু নেই। আমি আপনাদের জন্য ঢাকায় কাজ করছি”।’
জানতে চাইলে মাসুদ রানা মুঠোফোনে বলেন, ‘আমি বিদেশে কোনো লোক পাঠাই না। তবে বিদেশে যাঁরা যেতে চান, তাঁদের আমার ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দিয়ে থাকি। বিদেশে যাওয়ার জন্য ঋণ নিতে চাইলে অনেককে আমি ব্র্যাক ব্যাংক ও প্রবাসীকল্যাণ থেকে ঋণ নেওয়ারও ব্যবস্থা করে দিই। ১১ বছর ধরে এই এলাকা থেকে আমার সহযোগিতায় ১০০ জনেরও বেশি মানুষকে বিদেশে পাঠিয়েছি।’ তিনি দাবি করেন, তাঁর মাধ্যমে বর্তমানে নওগাঁসহ বিভিন্ন এলাকার ৫৮ জন বিভিন্ন দেশে যাওয়ার জন্য আবেদন করেছেন। তাঁদের ভিসার কাজ প্রক্রিয়াধীন। রিক্রুট এজেন্সির সঙ্গে কথাবার্তা বলতে এক মাস ধরে ঢাকায় আছেন তিনি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী বলেন, ‘মাসুদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ থানায় এসেছে। কিন্তু তিনি আত্মগোপন করে আছেন। তাঁকে ধরার চেষ্টা করছি।’