বিদ্যালয় ঘেঁষে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজি ঝাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গড়ে উঠেছে ইটভাটা l প্রথম আলো
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজি ঝাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে গড়ে উঠেছে ইটভাটা l প্রথম আলো

আইন লঙ্ঘন করে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের আরাজি ঝাড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে একটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্ন হওয়ার আশঙ্কায় পড়েছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৮ নম্বর ধারার ৩ নম্বর উপধারায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই উপধারা লঙ্ঘন করে ইটভাটা স্থাপন করেন, তাহলে তিনি অনধিক ১ বছরের কারাদণ্ড বা অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আরাজি ঝাড়গাঁও গ্রামে ওই বিদ্যালয় ঘেঁষে কৃষিজমিতে যৌথ মালিকানায় কেএসবি নামের একটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। ভাটাটির মালিক পল্লী বিদ্যুৎ এলাকার আবদুল খালেক ও আরাজি ঝাড়গাঁও গ্রামের আবদুস সোবহান। তাঁদের নামের সঙ্গে মিল রেখে ভাটাটির নাম দেওয়া হয়েছে কেএস ব্রিক্‌স।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। বর্তমানে ১১৪ জন শিশুশিক্ষার্থী এখানে লেখাপড়া করছে। শিক্ষক আছেন চারজন।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভবন ঘেঁষে চলছে কাঁচা ইট তৈরির কাজ। উত্তর দিকে মাটিকাটার যন্ত্র বসানো হয়েছে। বিদ্যালয় ভবনের ১০০ গজ পশ্চিমে স্থাপন করা হয়েছে ইট পোড়ানোর চিমনি। ইট তৈরির পর তা শুকাতে চিমনির চারদিকে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে কাঁচা ইট। আর শিশুরা ভাটা থেকে উড়ে আসা ধুলাবালু ঝাড় দিয়ে পরিষ্কার করছে।

একাধিক শিক্ষার্থী বলে, স্কুলঘরের পাশেই সব সময় ইট কাটার মেশিন চলে। মেশিনের শব্দে পড়ায় মন বসে না। একটু বাতাস উঠলেই ধুলাবালু উড়ে এসে চোখে-মুখে পড়ে। ভাটায় আগুন দেওয়ার পর চিমনির কালি, কালো ধোঁয়া ও ইট পোড়ানোর গন্ধে স্কুলে টেকা কঠিন হয়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরাজি ঝাড়গাঁও গ্রামের এক যুবক (৩২) বলেন, ‘ইটভাটার মালিক প্রভাবশালী হওয়ায় আমরা ভাটা নির্মাণের প্রতিবাদ করতে পারিনি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইন উদ্দিন বলেন, ‘বিদ্যালয় ঘেঁষে ইটভাটা চললে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে, এটা জেনেও আমরা ভাটা নির্মাণের বিপক্ষে কোনো কিছু করতে পারিনি।’

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ বলেন, ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালুর কারণে শিশুরা হাঁপানি, সর্দি-কাশি, নিউমোনিয়া, অ্যাজমা ও অ্যালার্জি রোগে আক্রান্ত হতে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় ভাটার পাশের স্কুলের শিশুরা সব সময় ঝুঁকিতে থাকবে।

ভাটার মালিক আবদুল খালেক বলেন, ‘স্কুলের পাশে অনেক ইটভাটা চালু আছে। সেসব ভাটার কারণে সমস্যা না হলে আমার ভাটার কারণে স্কুলের বাচ্চাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না।’

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের রংপুরের উপপরিচালক মো. আখতারুজ্জামান মুঠোফোনে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে ওই ইটভাটা নির্মাণের কথা তাঁর জানা নেই। বিষয়টি দেখা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন, ‘বিদ্যালয়ের পাশে কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। আমি নিজে ইটভাটাটি পরিদর্শন করে ব্যবস্থা নেব।’