বিদ্যালয় ছুটি দিয়ে সালিস বৈঠক
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যালয় ছুটি দিয়ে এর প্রাঙ্গণে গরু চুরির সালিস বৈঠক বসার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রাজগাতি ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গতকাল বেলা দেড়টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। বিদ্যালয় ভবনের বারান্দায় কয়েক বস্তা ধান পড়ে আছে। পঞ্চম শ্রেণির কক্ষটির দরজা খোলা পেয়ে ভেতরে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকাসহ একটি বাঁশ ধুলোময় মেঝেতে পড়ে আছে। একটি বেঞ্চও ওই কক্ষে নেই। ওই কক্ষ থেকে বেঞ্চ বের করে সালিসে আগত লোকজন বিদ্যালয় প্রাঙ্গণে সালিস করছেন। এ সময় বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যালয় ছুটির পর এলাকার মুরব্বিদের কথায়
বেঞ্চগুলো বের করা হয়েছে। সালিস শেষ হলে তিনি এগুলো শ্রেণিকক্ষে রাখবেন।
বিদ্যালয়ের আশপাশের এলাকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির চার শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের পাঠদান শুরু হয় দ্বিতীয় পালায় দুপুর সোয়া ১২টায়। শ্রেণিকক্ষে বসার পর তাদের প্রত্যেককে বিস্কুটের প্যাকেট দিয়ে বাড়ি চলে যেতে বলা হয়। কিন্তু চলে যাওয়ার কারণ বলেননি শিক্ষকেরা। সহকারী শিক্ষিকা আফরোজার কাছে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার কারণ জানতে চাইলে তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, এত কিছু জানার আপনার কী দরকার?
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নত আরা বেগম জানান, মাসিক সভায় যোগ দিতে তিনি দুপুর ১২টায় মুশুলি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। পরে তিনি জানতে পারেন, বেলা দুইটায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ওমর ফারুক জানান, বিদ্যালয় ছুটি দিয়ে আঙিনায় গরু চুরির সালিস আয়োজনের বিষয়টি তাঁকে কেউ জানাননি। তবে সালিসের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন জানান, বিদ্যালয় প্রাঙ্গণটি ছায়াযুক্ত হওয়ায় সালিসের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাঙ্গণে বসা নিয়ে আপনারা (সাংবাদিকেরা) যখন প্রশ্ন তুলছেন, তখন আগামী শনিবারের নির্ধারিত সালিসটি এখানে আয়োজন করা হবে না।
জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারকলি নাজনীন জানান, তিনি একটি জরুরি সভায় আছেন। সভা শেষ করে সময়ের আগে বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়ে খোঁজ নেবেন।