বিদ্যালয়টি 'চালাচ্ছিলেন' এমএলএসএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্যার বিদ্যালয়ের কাজে চট্টগ্রাম গেছেন। অন্য শিক্ষকেরাও ছুটিতে। আমি একা বিদ্যালয়টি চালাচ্ছি। বার্ষিক পরীক্ষা চলছে, আমি পরীক্ষা নিচ্ছি।’ কথাগুলো বিদ্যালয়ের এমএলএসএস উৎপলা চাকমার।
গত রোববার রাঙামাটির লংগদু সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে এমএলএসএসের বিদ্যালয় ‘চালানোর’ এই দৃশ্য দেখা যায়। বিদ্যালয়ে গিয়ে জানা যায়, অফিস সহকারী চৈতয়মং মারমাও ছুটিতে আছেন। উৎপলা চাকমা তিনটি শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে চরম শিক্ষক-সংকট। এ কারণে শিক্ষার্থীর সংখ্যাও কমছে। ২০০০ সালে ছয় শতাধিক শিক্ষার্থী ছিল। ২০১৪ সালে সেই সংখ্যা দাঁড়ায় ১১৮ জনে। গত বছর ষষ্ঠ শ্রেণিতে মাত্র তিনজন শিক্ষার্থী ভর্তি হয়। শিক্ষক না থাকায় শুধু মানবিক শাখায় শিক্ষার্থী ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৬৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই সময় শিক্ষক ছিলেন ১৫ জন। পরে ১০ জন শিক্ষক অন্যত্র চলে যান। ১৯৮৪ সালে বিদ্যালয়টি সরকারি করা হয়। বর্তমানে শিক্ষকের পদ আছে ছয়টি। এর মধ্যে কর্মরত আছেন মাত্র চারজন। প্রধান শিক্ষক ও একটি সহকারী শিক্ষকের পদ খালি। চারজন শিক্ষকের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃষক কুমার চাকমা গত রোববার মুঠোফোনে বলেন, ‘আমি বিদ্যালয়ের কাজে চট্টগ্রামে এসেছি। অন্য শিক্ষকেরাও ছুটিতে আছেন। সে জন্য উৎপলা চাকমাকে দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইবুল ইসলাম বলেন, ‘ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে উচ্চপর্যায়ে উদ্যোগ নিতে হবে। ঠিকমতো পাঠদান করতে গেলে কমপক্ষে ১৬ জন শিক্ষক প্রয়োজন।’