বিদ্যালয়ে আগুন, থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার উইলসন কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, উদ্দেশ্যমূলকভাবে দুর্বৃত্তরা তাদের প্রতিষ্ঠানটি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাড়াগ্রামের শিক্ষানুরাগী রুস্তম মাতাব্বরের মেয়ে মর্জিনা আক্তার পড়ালেখা শেষে ২০০২ সালে নিজেদের এক বিঘা জমির ওপর বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একটি আধা পাকা ভবনে ১৩টি শ্রেণি ও একটি কার্যালয় কক্ষে বিদ্যালয়টির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব শ্রেণিকক্ষে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত দুই পালায় ৪৫০ জন শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল করিম বলেন, গত শনিবার দুই পালায় শিক্ষার্থীদের পাঠদান শেষে সন্ধ্যা ছয়টায় বিদ্যালয় বন্ধ করে তাঁরা বাসায় চলে যান। রাত ১০টার দিকে এক প্রতিবেশীর মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে তাঁরা বিদ্যালয়ে ছুটে যান। ততক্ষণে বিদ্যালয়ের সবগুলো কক্ষে একসঙ্গে আগুন জ্বলছিল। আশপাশের কয়েক শ লোক সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তার আগেই সব কটি শ্রেণিকক্ষের আসবাব ও কার্যালয় কক্ষের মালামালসহ বিদ্যালয়ের অধিকাংশ চালা পুড়ে যায়।
আবদুল করিম বলেন, আগুনে তাঁদের প্রতিষ্ঠানের ৫০০ বেঞ্চ, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, একটি স্ক্যানার, একটি প্রিন্টার ও দুটি আলমারিসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। বিদ্যালয়ের দেয়ালে ফাটল ধরায় তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অধিকাংশ শ্রেণিকক্ষের চালা পুড়ে গেছে। এতে তাঁদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দশম শ্রেণির শিক্ষার্থী কুলসুম আক্তার বলে, এক বছর পর তাদের এসএসসি পরীক্ষা। এ অবস্থায় তাদের পাঠদান ব্যাহত হলে তা ফলাফলের ওপর প্রভাব ফেলবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, বিদ্যালয়ের প্রতিটি কক্ষে একসঙ্গে আগুন জ্বলে ওঠে। বাইরের কেউ আগুন ধরিয়ে না দিলে একসঙ্গে সব কক্ষে আগুন জ্বলা সম্ভব নয়। তা ছাড়া, আগুন ধরানোর আগে বিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে আটকে দেওয়া হয়, যাতে লোকজন বাইরে থেকে সহজে ভেতরে ঢুকতে না পারেন। তিনি বলেন, তাঁর পরিবার বা প্রতিষ্ঠানের সঙ্গে কারও দৃশ্যমান কোনো বিরোধ নেই। এরপরও প্রতিষ্ঠানটিকে এভাবে ধ্বংস করে দেওয়ার কারণ তাঁদের কাছে স্পষ্ট নয়। কোনো একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এসব নাশকতা চালাচ্ছে। কারণ, বছর খানেক আগেও রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁদের বিদ্যালয় ভাঙচুর করেছিল।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, বিদ্যালয়টি পুড়ে যাওয়ার বিষয়ে কর্তৃপক্ষ একটি জিডি করেছে। ফায়ার সার্ভিসকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলা নেওয়া হবে।