বিদ্যালয়ে ঢুকে পিটিয়ে তিন ভাইকে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী দ্বন্দ্বের জের ধরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চেতনার হাট উচ্চবিদ্যালয়ে ঢুকে মেছের আলী নামের এক অফিস সহকারী ও তাঁর দুই ভাইকে পিটিয়ে আহত করা হয়েছে। গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
মেছেরের (৩৫) আহত দুই ভাই হলেন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হযরত আলী (৫৫) ও শাহাজুদ্দি (৪০)। তাঁদের মধ্যে গুরুতর আহত হযরতকে রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যম কাদমা গ্রামের বাসিন্দা ও চেতনার হাট উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী মেছেরের স্ত্রী শাহনাজ পারভিন ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি একই গ্রামের আনছার আলীর স্ত্রী ফেরদৌসী বেগমের সঙ্গে ভোটযুদ্ধে হেরে যান। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে ফেরদৌসীর স্বামী আনছারের নেতৃত্বে কয়েকজনের একটি দল রোববার দুপুরে ওই বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে মেছেরকে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। খবর পেয়ে মেছেরের বড় ভাই হযরত ও শাহাজুদ্দি ঘটনাস্থলে ছুটে যান। তাঁদেরও পিটিয়ে আহত করা হয়। পরে তিন ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হযরতকে সেখান থেকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী প্রথম আলোকে জানান, তিনজনেরই মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের জখম রয়েছে।
উচ্চবিদ্যালয়টির প্রধান শিক্ষক অনন্ত বসুনিয়া বলেন, বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
আনছার বলেন, ‘মেছের ও তাঁর ভাই-ভাতিজারা প্রথমে আমার এক সমর্থককে মারধর করেন। পরে আমরা এর প্রতিবাদ জানালে একটু মারধরের ঘটনা ঘটে।’
হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।