বিদ্যালয়ে তালা, শিক্ষক ব্যস্ত কোচিং সেন্টারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার দুপুর সাড়ে ১২টা। তালা ঝুলছে বিদ্যালয়ে। একই সময়ে বিদ্যালয়ের আধা কিলোমিটার দক্ষিণে কোচিং সেন্টারে প্রাইভেট পড়ছে বিদ্যালয়ের ১০-১২ জন শিক্ষার্থী। পড়াচ্ছেন বিদ্যালয়েরই একজন শিক্ষক। অন্যদিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্যস্ত অন্য কাজে। অপর শিক্ষক আছেন ছুটিতে।
গত শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা সরইতলা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই চিত্র দেখা যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৪৯ জন। শিক্ষকের পাঁচটি পদের মধ্যে আছেন মাত্র দুজন। এ অবস্থায় শিক্ষক-সংকট দূর করতে খণ্ডকালীন একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের ক্লাস শুরু হয় সকাল সাড়ে নয়টায়। চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
কিন্তু গত শনিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়টি বন্ধ পাওয়া যায়।
কোচিং সেন্টারে কথা হয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী তানজিদা সুলতানা ও আসমাউল হুসনা এবং চতুর্থ শ্রেণির ছাত্রী কহিনূর আকতারের সঙ্গে। তারা জানায়, মাসে ২০০ টাকা দিয়ে তারা এখানে প্রাইভেট পড়ে।
বিদ্যালয় বন্ধ রেখে প্রাইভেট পড়ানোর বিষয়ে জানতে চাইলে শিক্ষক আজিজুল হক বলেন, ‘আমি অসুস্থতার কারণে বিদ্যালয়ে যেতে পারিনি। পরে শুনেছি কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ে না গিয়ে কোচিং সেন্টারে বসে খেলাধুলা করছে। তাই এখানে এসেছি।’ তাঁর দাবি, এ সময় তিনি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াননি।
আজিজুল হক বলেন, দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তিনি স্কুল সময়ের আগে ও পরে শিশুদের প্রাইভেট পড়ান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকছুদুল করিম বলেন, ‘শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় বিদ্যালয়ে যেতে পারিনি। বিদ্যালয় খোলার জন্য খণ্ডকালীন শিক্ষক আজিজুল হককে দায়িত্ব দেওয়া হয়। পরে জানতে পারলাম, তিনিও বিদ্যালয়ে যাননি।’
বিদ্যালয়ের অপর শিক্ষক আতিকুর রহমান জানান, তিনি ছুটিতে আছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান বলেন, স্কুল বন্ধ রেখে প্রাইভেট পড়ানোর ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।