বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নিয়ে আটজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন অন্য চাকরিপ্রত্যাশীরা। এ ছাড়া আদালতে মামলা হওয়ায় আরেক শিক্ষকের নিয়োগ স্থিতাবস্থায় আছে।
বিদ্যালয় ও ভুক্তভোগী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সাধারণ শাখায় চারজন ও কারিগরি (ভোকেশনাল) শাখায় পাঁচজন শিক্ষক নিয়োগের জন্য গত ৮ জুলাই জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই নয়টি পদের বিপরীতে মোট ১০১ জন প্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য সাধারণ শাখায় ১০ অক্টোবর এবং কারিগরি শাখার জন্য ৯ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।
দশমিনার মরিয়ম বেগম নামের একজন আবেদনকারী বলেন, তিনি সহকারী শিক্ষক (গণিত ও সাধারণ বিজ্ঞান) পদে আবেদন করেছিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষা খুব ভালো করলেও চাকরি পাননি। তিনি বলেন, ‘চাকরির জন্য প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমার কাছে সাত লাখ টাকা চেয়েছিলেন। ওই টাকা দিইনি বলে চাকরি হয়নি।’
মো. রায়হান বলেন, তিনি ওই বিদ্যালয়ে দুই বছর গণিত ও সাধারণ বিজ্ঞানের শিক্ষক হিসেবে খণ্ডকালীন চাকরি করেন। চাকরি স্থায়ীকরণের জন্য প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন সৈকত তাঁর কাছ থেকে দুই লাখ টাকা নেন। পরে আরও পাঁচ লাখ টাকা চান। টাকা দিতে না পারায় তিনি চাকরি পাননি।
সহকারী প্রধান শিক্ষক হিসেবে আবেদনকারী মো. হারুন-অর-রশিদ বলেন, এমনিতেই লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার চিঠি দেরি করে দেওয়া হয়। ১০ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা থাকলেও ওই দিন তা মৌখিকভাবে বাতিল করা হয়। মুঠোফোনের মাধ্যমে পরদিন ডেকে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। ওই পরীক্ষা ছিল লোক দেখানো। যেসব প্রার্থী টাকা দিয়েছেন, তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন বলেন, নিয়োগ না পেয়ে এ ধরনের অভিযোগ করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অন্য এক প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, সভাপতির এক আত্মীয়া সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে প্রার্থী ছিলেন। কিন্তু আবদুর রহমান নামের অপর এক প্রার্থী আদালতে মামলা করলে ওই পদে স্থিতাবস্থা বজায় রাখতে আদালত নির্দেশ দিয়েছেন।