বিদ্যালয়ে হামলা, লুটপাট, ১০ জন আহত
জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল বুধবার বরিশালের গৌরনদী উপজেলার একটি কিন্ডারগার্টেনে হামলা চালানো হয়েছে। এতে তিন শিক্ষক ও পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও থানা তা গ্রহণ করেনি।
সরেজমিনে দেখা যায়, টরকীচর গ্রিন কিন্ডারগার্টেনের পাঁচটি কক্ষ তালাবদ্ধ। আর অন্য পাঁচটি কক্ষে আবুল হোসেন তাঁর লোকজন নিয়ে মালামাল ভর্তি করছেন। এ সময় তাঁর শতাধিক সমর্থককে পাহারা দিতে দেখা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার টরকীচর মৌজার ১১ নম্বর খতিয়ানে ১০৬ নম্বর দাগের ৫০ শতক জমি কেনেন একই মৌজার মোশারফ হোসেন সরদার। ২০০৭ সালে সেখানে তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই জমি ও ভবন নিয়ে মোশারফ হোসেন সরদারের সঙ্গে একই মৌজার আবুল হোসেন ওরফে আবুল হাজির গত ছয় মাস ধরে বিরোধ চলছে। এ নিয়ে বরিশাল আদালতে একাধিক মামলা বিচারাধীন।
বুধবার সকালে টরকীচর গ্রিন কিন্ডারগার্টেনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে অনুষ্ঠান চলছিল। এ সময় ১৫০ থেকে ২০০ যুবক লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। কিন্ডারগার্টেনের পরিচালক সুলতানা রাজিয়া অভিযোগ করে বলেন, আবুল হোসেন ও তাঁর ছেলের নেতৃত্বে দুই শতাধিক লোক এ হামলা চালায়। হামলাকারীরা স্কুলে ঢুকে বিভিন্ন শ্রেণিকক্ষ ভাঙচুর শুরু করে। শিক্ষকেরা বাধা দিলে শিক্ষক, শিক্ষার্থীদের মারধর করে স্কুল থেকে বের করে দেয় তারা। এক ঘণ্টা ধরে তারা কার্যালয় ও শ্রেণিকক্ষসহ ১০টি কক্ষের আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে হামলাকারীরা কক্ষগুলোতে নিজেদের ব্যবসায়ের মালামাল ভর্তি করে কক্ষগুলো তালাবদ্ধ করে দেয়।
মোশারফ হোসেন জানান, স্কুল রক্ষা ও হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে বরিশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আবুল হোসেন, তাঁর ছেলে মাসুদ রানা, জানে আলমসহ পাঁচজন গত মঙ্গলবার ছয় মাসের মধ্যে কোনো দখল, সহিংসতা করবেন না—এ মর্মে আদালতে মুচলেকা দিয়ে আসেন।
অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, ‘ওই জমি ও ভবনের বৈধ মালিক আমি।’
মোশারফ হোসেন সরদার অভিযোগ করেন, ঘণ্টাব্যাপী হামলা, ভাঙচুর ও লুটপাট করার সময় গৌরনদী থানার পুলিশকে জানানো হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। লিখিত অভিযোগ দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি।
অভিযোগ অস্বীকার করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ফোনে মোশারফ হোসেন গন্ডগোলের কথা জানান। তাঁকে জমির মালিকানার কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়। কিন্তু তিনি আসেননি।’